Don't Miss
Home / আইন আদালত / মেয়র আরিফুলের বরখাস্তের স্থগিত আদেশ বহাল

মেয়র আরিফুলের বরখাস্তের স্থগিত আদেশ বহাল

এমএনএ রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ।

১৩ মার্চ আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মেয়র পদে আরিফুল হক চৌধুরীর দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতেও নির্দেশ দেওয়া হয়।

এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গত মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। সেদিন চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় আজ আবেদনটি শুনানির জন্য আসে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার আবদুল হালিম কাফি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ব্যারিস্টার আবদুল হালিম কাফি বলেন, আপিল বিভাগে হাইকোর্টের আদেশ বহাল থাকার কারণে মেয়র আরিফুলের পদে ফিরতে চূড়ান্তভাবে বাধা কাটল এবং তার পদে ফিরতে আর বাধা নেই।

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হককে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে বিষয়টি চ্যালেঞ্জ করে তিনি রিট করেন। ১৩ মার্চ হাইকোর্ট সরকারের আদেশ স্থগিত করে রুল জারি করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ।

২০১৩ সালের জুনে সিলেট সিটি করপোরেশন মেয়র নির্বাচিত হন আরিফুল হক।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া। ওই মামলায় অধিকতর তদন্ত শেষে ২০১৪ সালে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে আরিফুল হকসহ ১১ জনের নাম নতুন করে আসামি হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর উচ্চ আদালত থেকে জামিনে ৪ জানুয়ারি কারামুক্তি পান তিনি।

x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...