এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় নৌসেনা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং যুদ্ধের জন্যে সর্বদা প্রস্তুত বলে চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
তিনি জানান, লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাতের সাথে সাথে ভারতীয় নৌসেনা বাহিনী মোতায়েন করে। তার থেকেই বোঝা যায় ভারত যেকোনো পরিস্থিতিতে সর্বদা তৈরি।
রাজনাথ এমন একটি সময়ে এই মন্তব্য করলেন যখন চীনন ও ভারতের পক্ষ থেকে লাদাখ সীমান্তে শান্তি ফেরানোর জন্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।
রাজনাথ সিং গতকাল শুক্রবার কেরালের কোচিতে ছিলেন। সেখানে প্রথম ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানবাহী রণতরী বিক্রান্তের নির্মাণ কাজ তদারকি করেন তিনি।
২০২২ সালের প্রথমার্ধেই এই রণতরী নৌসেনায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিক্রান্তকে আত্মনির্ভর ভারতের উদাহরণ হিসেবে তুলে ধরে রাজনাথ সিং বলেন, এই রণতরীর স্টিল থেকে শুরু করে ডিজাইন, অস্ত্র, সেন্সর সব ভারতে তৈরি। ভারতীয় স্বাধীনতার ৭৫তম বছরে নৌসেনায় এই রণতরীর অন্তর্ভুক্তি দেশকে সম্মান জানানো হবে।
এই রণতরীরে মিগ-২৯কে থাকবে। পাশাপাশি ক্যামোভ-৩১ হেলিকপ্টারও থাকবে। তাছাড়া অ্যান্টিসাবমেরিন এমএইচ-৬০ আর রোমিয়ো হেলিকপ্টার থাকবে এই সুসজ্জিত রণতরীতে। এই রণতরীর ওজন হবে ৩৭ হাজার ৫০০ টন।
উল্লেখ্য, ভারতের কাছে বর্তমানে একটি মাত্র এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে। রাশিয়া থেকে আইএনএস বিক্রমাদিত্য কিনেছিল ভারত। এদিকে চিনের কাছে দু’টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে। তবে বিক্রান্তের অন্তর্ভুক্তি ভারতীয় নৌসেনাকে আরো মজবুত করবে বলে আশা বিশেষজ্ঞদের।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

