এমএনএ জাতীয় ডেস্কঃ বাংলাদেশের আকাশে রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে সারা দেশে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হবে মঙ্গলবার (৩ মে)।
পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদ্যাপনের তারিখ নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে ব্রিফি করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপ-পরিচালকরা। এ অবস্থায় রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল সোমবার। এর পরদিন মঙ্গলবার (৩ মে) সারা দেশে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
এর আগে ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানায় ইসলামিক ফাউন্ডেশন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

