৩৭তম বিসিএসে ১২২১ জনকে ক্যাডারে নিয়োগ
Posted by: News Desk
March 20, 2019
এমএনএ রিপোর্ট : ৩৭তম বিসিএসে ১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) প্রকাশ করা হয়েছে। এখন এই ক্যাডারদের বিভিন্ন স্থানে পদায়ন শুরু হবে।
এর আগে গত ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এতে জনপ্রশাসনের প্রজ্ঞাপনে ৯৩ জন বাদ পড়লেন। সাধারণত বিভিন্ন পুলিশের প্রতিবেদন ও অন্যান্য কারণে প্রার্থীরা বাদ পড়েন।
সুপারিশকৃত ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডার পেয়েছেন ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, তথ্য ক্যাডারে ১৪ জন, কৃষি ক্যাডারে ৫০ জন, মৎস্য ক্যাডারে ৭৯ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৭ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জনকে সুপারিশ করা হয়েছে। এছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়।
৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৭৬৮ জন। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছিল।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।
গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেন আট হাজার ৩১ জন। এতে পাঁচ হাজার ৩৭৯ জন পাস করেন। একই বছরে ১২ জুন চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হন।
নিয়োগ বিসিএসে ৩৭তম ১২২১ জনকে ক্যাডারে 2019-03-20