Don't Miss
Home / হোম স্লাইডার / অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে : সিইসি

অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে : সিইসি

এমএনএ রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, এবার দেশে একটি প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে। প্রার্থীরা সুশৃঙ্খলভাবে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোথাও কেউ আচরণবিধি লঙ্ঘন করেননি।

আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, প্রভাবশালী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সকলেই সুশৃঙ্খলভাবে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করে ৫-৭ জনের বেশি লোকজন নিয়ে আসেননি।

তিনি বলেন, আমাদের সকলের প্রত্যাশা ছিল এবার দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই আশা পূরণ হয়েছে। এবার প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা মাঠপর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখবেন। প্রার্থীর অভিযোগ নিরপেক্ষভাবে বিচার করবেন। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করবেন।

অনুষ্ঠানে নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন। দিনব্যাপী কর্মশালায় ৪ শতাধিক সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দেয়ার কাজ শেষ করেছে। এখন চলছে মনোনয়ন দাখিল ও যাচাই-বাছাইয়ের কাজ।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ শুরু করেছে পুলিশ। এরই মধ্যে কেন্দ্রগুলোর তালিকা তৈরি করে তাতে ৬৪ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা ছকও তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। তবে পুলিশের পক্ষ থেকে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ উল্লেখ না করে তা ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...