বাংলালিংকের নতুন নম্বরের সিরিজ ০১৪
Posted by: News Desk
November 29, 2018
এমএনএ সাইটেক ডেস্ক : পুরনো নম্বর সিরিজ ০১৯ এর পাশাপাশি নতুন নম্বর সিরিজ ০১৪ আনুষ্ঠানিকভাবে চালু করলো ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।
আজ বৃহস্পতিবার গুলশানে বাংলালিংক অফিসে ০১৪ সিরিজের উদ্বোধন করা হয়। ০১৯ নম্বর সিরিজের বাংলালিংক গ্রাহকরা নতুন সিরিজের নম্বর বিনামূল্যে পাবেন বলেও অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ০১৪ নম্বর সিরিজ থেকে প্রথম কল দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
জহুরুল হক বলেন, গ্রামীণফোনের পাশাপাশি বাংলালিংকেও নতুন নম্বর দেওয়া হয়েছে। ০১৯ থাকলেও ১০ কোটি গ্রাহক পেতেন, তবে নতুন নম্বর দেওয়া হয়েছে সেবার মান উন্নত করার জন্য। আশা করবো বাংলালিংক আরো বড় হবে এবং বিটিআরসির সাথে সম্পর্ক্য আরো উন্নত হবে।
দেশের সব বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার ও সার্ভিস পয়েন্ট থেকে গ্রাহকরা ০১৪ নম্বর সিরিজের সিম কার্ড সংগ্রহ করতে পারবেন ।
চিফ কমার্সিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, বাংলালিংকের ০১৯ সিরিজের প্রিপেইড ব্যবহারকারীরা এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে বিনামূল্যে ০১৪ সিরিজের সিম সংগ্রহ করে দুইটি বাংলালিংক নম্বরের মধ্যে ৫৪ পয়সা/মিনিট রেটে আজীবন কথা বলার বিশেষ সুযোগ পাবেন।
এছাড়া ০১৪ সিরিজের নতুন নম্বরে প্রথম বার ৪৮ টাকা রিচার্জ করলে ৯০ দিনের জন্য যে কোনো অপারেটরে ১ পয়সা/সেকেন্ড রেটে কথা বলার সুবিধার পাশপাশি থাকছে ১জিবি ফ্রি ডেটা অফার।
বাংলালিংকচিফ কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বাংলালিংক নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।
বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন,“০১৪ নম্বর সিরিজ চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ বছর গ্রাহকদের বাংলালিংক যেসব বিশেষ সুবিধা প্রদান করেছে তাতে এটি একটি নতুন সংযোজন।”
“বাংলালিংকের নতুন ও দ্বিগুন শক্তিশালী ডুয়েল ক্যারিয়ার নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা এখন সম্পূর্ণ নতুন মাত্রার সেবা উপভোগ করতে পারছেন। নতুন এই নম্বর সিরিজকে আমরা বাংলালিংকের সেবা ব্যবহারের নতুন অভিজ্ঞতার প্রতীক হিসেবে বিবেচনা করতে চাই।”
নম্বর ০১৪ বাংলালিংক নতুন সিরিজ 2018-11-29