এমএনএ জাতীয় ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে।
বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এ তথ্য জানান।
সেনাপ্রধান বলেন, ‘আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হিসেবে ড. ইউনূসকে নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমরা আলোচনা করেছি। আলোচনা করে সর্বসম্মতভাবে সম্মত হয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি ড. ইউনূসকে করার জন্য। তিনি আমাদের এখন চিফ অ্যাডভাইজার। উনি কালকে আসবেন। দুপুরে এসে উনি পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বোত্তমভাবে সহায়তা করব। আমরা আর্মি চিফ, নেভি চিফ রয়েছি। আমি নিশ্চিত উনি সব রাজনৈতিক দল ও সবার কাছ থেকে সাহায্য পাবেন। ছাত্রদের থেকেও সাহায্য পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে কাজ করবেন।’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার সময় জানতে চাইলে জবাবে সেনাপ্রধান বলেন, কালকে রাত ৮টার দিকে শপথ হতে পারে।
দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘আপনারা দেখছেন আমাদের সঙ্গে আরও দুই বাহিনীর প্রধান আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগল। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সমর্থ হবেন। আমরা এ থেকে উপকৃত হব।’
তিনি বলেন, যারা এখনও অরাজকতা করছে, তাদের আইন অনুযায়ী বিচার হবে। এছাড়া, তিন-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গুজব সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা আনতে পারে। এমন গুজবে কান না দিতে আমি জনগণকে অনুরোধ করব। বিশেষায়িত জোনগুলোকে বিশেষ নিরাপত্তা দেয়া হয়েছে।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, পুলিশের সংস্কারে কাজ চলছে। একজন পুলিশপ্রধান নিয়োগ দেয়া হয়েছে। আমি নিশ্চিত, পুলিশের মনোবল আবার ফিরবে। এছাড়া, সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে আছে এবং থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

