Don't Miss
Home / আইন আদালত / অবৈধ সম্পদ, অর্থ পাচারের মামলায় যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ, অর্থ পাচারের মামলায় যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ–এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম জানান, অবৈধ সম্পদ অর্জনের দায়ে সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে মানিলন্ডারিংয়ের দায়ে তাকে আরও ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পৃথক দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান আদালত সংশ্লিষ্টরা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ২১ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন। গত বছরের ১৭ জুলাই একই আদালত সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সে সময় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন–এর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...