Don't Miss
Home / জাতীয় / আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার নাহিদ রানা, নারী বিভাগে লরা উলভার্ট

আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার নাহিদ রানা, নারী বিভাগে লরা উলভার্ট

খেলাধুলা প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জন করেন তিনি। একই সঙ্গে নারী বিভাগে মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন লরা উলভার্ট

পুরুষ বিভাগে নাহিদ পেছনে ফেলেছেন জাতিন্দর সিংঅজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি এবং লরা কার্ডোসো

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি ৮ উইকেট শিকার করেন, যেখানে তার ইকোনমি রেট ছিল ৪.৪৬।

বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার। এছাড়া চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়া তার জন্য দারুণ গর্বের বিষয়। দেশের মাটিতে এমন অর্জন সিরিজটিকে আরও স্মরণীয় করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পুরো সিরিজজুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাস তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চান বলেও জানান এই তরুণ পেসার।

x

Check Also

রূপালি বিপ্লবে হাজার কোটি টাকার ভেটকি রপ্তানির সম্ভাবনা, পোনা পরিবহনে হয়রানির অভিযোগ

এমএনএ প্রতিবেদক বাংলাদেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনার নাম ভেটকি বা কোড়াল মাছ। একসময় শুধুমাত্র নদ-নদী ...