Don't Miss
Home / হোম স্লাইডার / আগামী মৌসুমে হজের খরচ কমানোর উদ্যোগ নিতে ধর্মমন্ত্রীর আশ্বাস

আগামী মৌসুমে হজের খরচ কমানোর উদ্যোগ নিতে ধর্মমন্ত্রীর আশ্বাস

এমএনএ প্রতিবেদক

আগামী হজ মৌসুম থেকে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

মঙ্গলবার সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, এবার হজের সার্বিক প্রক্রিয়া এরইমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, আমি এখানে আসার আগেই এবারের প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী হজ থেকে যাতে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে চেষ্টা থাকবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতি নিরসনে সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, বায়তুল মোকাররম মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতি নির্মূলে সরকার কঠোর পদক্ষেপ নিবে। এ জন্য কোন তথ্য থাকলে সাংবাদিকরা সহযোগিতা করতে পারেন। এসব যাচাই-বাছাই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সবসময় সংবাদমাধ্যমের সহযোগিতা পেয়েছে।

তিনি আরও বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো, জনগণের খেদমত করবো।

আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ’র নেতৃত্বে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য শামসুল ইসলাম, উবায়দুল্লাহ বাদল, মহসীনুল করিম লেবু, আহমেদ জামাল, কামরুজ্জামান বাবলু প্রমুখ।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...