আজ পদ্মা সেতু পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
October 14, 2018
এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এবং এর রেল সংযোগের নির্মাণ কাজ উদ্বোধন করতে আজ রবিবার পদ্মা সেতু এলাকায় যাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে আজ রবিবার মুন্সিগঞ্জের মাওয়া, শরিয়তপুরের জাজিরা ও মাদারিপুরের শিবচর এলাকায় যাবেন।
মাওয়া প্রান্তে সেতুটির নামফলকও উন্মোচন করবেন তিনি।
সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা দিয়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এখান থেকে সেতুর রেল সংযোগ নির্মাণ প্রকল্পের আওতায় (মাওয়া প্রান্ত) ঢাকার সাথে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি পদ্মা সেতুর নামফলক উন্মোচন (মাওয়া প্রান্ত) এবং মূল নদীশাসন কাজসংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজেরও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের জনদাবি থাকলেও তিনি তাতে রাজি হননি। সেতুর নামকরণ হচ্ছে পদ্মা সেতু। জানা গেছে, আজ সেতু চালুর নতুন তারিখ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
দেশে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে ছয় লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ের কাজ এগিয়েছে ৭০ শতাংশ। প্রধানমন্ত্রী নিজের চোখে আজ এ প্রকল্পের অগ্রগতি দেখবেন। তিনি মাওয়ায় এক হাজার ৩০০ মিটার নদী রক্ষা কাজেরও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পদ্মার দুই পারের মানুষ উৎসবে মেতেছে। সাজানো হয়েছে দুই পার। মাওয়া, জাজিরা ও মাদারীপুরের শিবচরে নেওয়া হয়েছে প্রস্তুতি।
মাওয়া এলাকাটি সাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা শেখ হাসিনার ছবিসংবলিত ফেস্টুন ও ব্যানার দিয়ে। এখানে সুধী সমাবেশে লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সকাল ১১টায় মাওয়ায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। ১১টা ৫ মিনিটে মাওয়া টোলপ্লাজা অংশে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করবেন। এ সময় পদ্মা সেতু রেল সংযোগ কাজেরও উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন ও নদীতীর রক্ষা কাজের উদ্বোধন করবেন। সোয়া ১১টায় তিনি সুধী সমাবেশে অংশ নেবেন। পরে ১২টা ২৫ মিনিটে শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি দুপুর পৌনে ১টায় যাবেন জাজিরা। দুপুর ২টা ৪৫ মিনিটে সেখানে পদ্মা সেতুর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
জাজিরায় গিয়ে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। উৎসব ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার বিকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রেলমন্ত্রী মুজিবুল হকসহ কেন্দ্রীয় নেতারা কাঁঠালবাড়ি ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাট এলাকার জনসভাস্থল পরিদর্শন করেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ যেভাবে এগিয়ে চলছে, এতে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলকে নিজের অঞ্চল মনে করেন। এ অঞ্চলটি নৌকার ঘাঁটি বলে চিহ্নিত এলাকা। প্রধানমন্ত্রী এখানে আগামী নির্বাচনে ভোট চাওয়ার জন্য আসছেন না।
এর আগে শুক্রবার পরিদর্শনে এসে মন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উভয় পাশে ৬০ ভাগ কাজের অগ্রগতির ফলক উন্মোচন করবেন। জাজিরা পয়েন্টে ৫টি এবং মাওয়া পয়েন্টে ১টি স্প্যান বসানো হয়েছে। আরও ৫টি স্প্যান বসানোর কাজ চলছে।
রেল মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা ব্রিজ রেল লিঙ্ক কনস্ট্রাকশন প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজ জাজিরা ও শিবচর হয়ে মাওয়া ও ভাঙ্গার মধ্যে রেল সংযোগ স্থাপন করবে। আর পদ্মা বহুমুখী সেতুর মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোরের মধ্যে বৃহত্তর সংযোগ প্রতিষ্ঠিত হবে।
চীন সরকার মনোনীত নির্মাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লি. চীন জিটুজি পদ্ধতির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ ব্যাপারে চীন এক্সিম ব্যাংকের সঙ্গে ২৬৬৭ দশমিক ৯৪ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পের আওতায় ২৩ কিলোমিটার এলিভেটেড সেতুপথ নির্মিত হবে। এ সেতুপথে একাধিক লিফটসহ দুটি প্লাটফর্ম, একটি মেইন লাইন ও দুটি লুপ লাইন নির্মাণ করা হবে।
আজ পদ্মা পরিদর্শনে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেতু 2018-10-14