Don't Miss
Home / আজকের সংবাদ / আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে ৩০ জন নিহত

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে ৩০ জন নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের হেরাত নগরীর একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটার দিকে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।

দেশটির কর্মকর্তারা বলেন, অন্তত দুইজন হামলাকারী এ হামলা চালিয়েছে। একজন আত্মঘাতী বোমা হামলাকারী অপরজন আগ্নেয়াস্ত্র দিয়ে মুসুল্লিদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, এই ঘটনায় দুই হামলাকারীই নিহত হয়েছে।

স্থানীয় গভর্নর মোহাম্মদ আসিফ রাহিমি বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি বলেন, এই বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও আরো ৬৪ জন আহত হয়েছে। স্থানীয় সরকারের এই প্রতিনিধি আরো বলেন, আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটানোর আগে মুসুল্লিদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মুসল্লিদের লক্ষ্য করে গ্রেনেডও ছুঁড়ে মারে।

কোনো গোষ্ঠী বা সংগঠন শিয়া অধ্যুষিত এলাকাটিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় তালেবান এই হামলার নিন্দা জানিয়েছে।

মাত্র দুই মাস আগেও হেরাতে জামা মসজিদ নামে দ্বাদশ শতকের একটি মসজিদে মুসল্লিদের ওপর হামলায় সাতজনের প্রাণহানি ঘটে।

আফগানিস্তানে এ বছর সহিংসতায় এরইমধ্যে এক হাজার ৭০০ এর বেশি বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে থাকায় চাপের মুখে পড়েছে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...