Don't Miss
Home / অর্থনীতি / আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকার আশপাশের এলাকা ও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় রেল সেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন করে রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনায় থাকা জেলাগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে রেল মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রম, দেশের সামগ্রিক রেল যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পর্যালোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, সরকার কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আখাউড়া-সিলেট রেলপথ, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ এবং ধীরাশ্রমে কনটেইনার আইসিডি প্রকল্প রয়েছে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিদ্যমান মিটারগেজ অংশকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট অংশে থাকা অসম্পূর্ণ সংযোগও উন্নত করা হবে। পাশাপাশি ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে নতুন ১০ জেলায় রেললাইন নির্মাণ ও সেবা চালুর সম্ভাব্য পরিকল্পনা তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব জেলার সঙ্গে এখনো রেল যোগাযোগ নেই, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে মানিকগঞ্জে ঢাকা-ভিত্তিক কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাজধানীর আশপাশের জেলাগুলোর মানুষের যাতায়াত সহজ হবে।

ঢাকা-কুমিল্লা কর্ড লাইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি শুধু পরিকল্পনা নয়, এখন বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এই রেলপথ নির্মাণ হলে প্রায় ৮০ থেকে ৮২ কিলোমিটার পথ কমে যাবে।

তিনি জানান, ভবিষ্যতে রেল প্রকল্পগুলো আলাদাভাবে নয়, সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। রেললাইন নির্মাণের পাশাপাশি ট্রেনের বগি ও ইঞ্জিনের ব্যবস্থাও একই প্রকল্পের আওতায় রাখা হবে, যাতে প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল শুরু করা যায়।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...