Don't Miss
Home / আজকের সংবাদ / আ’লীগে যোগ দিলেন খালেদা জিয়ার ভাতিজা

আ’লীগে যোগ দিলেন খালেদা জিয়ার ভাতিজা

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাতিজা তাঁর শতাধিক কর্মী ও সমর্থক নিয়ে আ’লীগে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আ’লীগে যোগ দেন।

আজ দুপুরে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে নিজ বাড়ি সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেন আলাউদ্দিন আহমেদ। সেখানে খালেদা জিয়ার চাচাতো ভাইয়ের ছেলে ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন মজুমদার ওরফে সামু তাঁর সমর্থকদের নিয়ে আ’লীগে যোগ দেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৬ জন সদস্যও আ’লীগে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, খালেদা জিয়া ফেনীর ফুলগাজীর মেয়ে হিসেবে দাবি করলেও ফুলগাজীতে তাঁর শাসনামলে কোনো উন্নয়ন হয়নি। এমনকি উপজেলা সদর থেকে খালেদা জিয়ার বাড়ির সড়কটিও আ’লীগের শাসনামলে পাকা করা হয়েছে। এ কারণে খালেদা জিয়ার বাড়ির লোকজনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা আ’লীগে যোগ দিয়েছেন।

Feni BNP

আ’লীগে যোগ দেওয়া প্রসঙ্গে মহিউদ্দিন মজুমদার বলেন, ১৯৭৩ সালে ফুলগাজী যুবলীগের সভাপতি ছিলেন তিনি। এখন আবার তিনি আ’লীগে যোগ দিয়েছেন। তিনি আমৃত্যু আওয়ামী পরিবারের সন্তান হিসেবে থাকতে চান।

ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার দাবি করেন, মহিউদ্দিন মজুমদার ওরফে সামু কখনো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি প্রথমে যুবলীগ ও পরে জাতীয় পার্টিতে ছিলেন। এ ছাড়া বিএনপির কোনো নেতা-কর্মী আ’লীগে যোগ দিয়েছেন কি না তা তাঁর জানা নেই।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

x

Check Also

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে: রাষ্ট্রপতি

এমএনএ প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ যে গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে, ...