এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে অযোগ্য ঘোষণা করতে পারে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে অভিযোগ দায়ের করেছেন দেশটির একজন আইনজীবী।
ইমরান খানের বিরুদ্ধে পিটিআই নেত্রী ও পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আয়েশা গুলালাইয়ের করা ‘অশোভন আচরণের’ অভিযোগের পর ওই আবেদন করেন আইনজীবী রাজা বাশারাত।
পাশাপাশি, নওয়াজ শরিফের দল পিএমএল (এন) এর সাংসদ হিনা পারভেজ বাট গতকাল বুধবার আয়েশা গুলালাইয়ের অভিযোগের ভিত্তিতে দেশটির সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদ অনুসারে ইমরান খানকে অযোগ্য ঘোষণা করতে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে একটি আবেদন জমা দিয়েছেন।
এর আগে, ইমরানের বিরুদ্ধে ‘অশ্লীল’ মেসেজ পাঠানোর অভিযোগ আনেন তারই দলের নেত্রী আয়েশা গুলালাই। তার অভিযোগ, ইমরান নিয়মিত তাকে ‘যৌন-বার্তা’ পাঠান। শুধু তাই নয়, ইমরানের দলে অন্য মহিলাদেরও সম্মান দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন আয়েশা।
আয়েশার দাবি, ২০১৩ সালের অক্টোবর থেকে তাকে নানা ধরনের অশালীন মেসেজ পাঠিয়ে চলেছেন ইমরান। মেসেজে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা বেশ আপত্তিকর। কোনও মহিলা, যার সামান্য হলেও আত্মসম্মান বোধ রয়েছে, তিনি এই দলে থাকতে পারেন না। এই অভিযোগ তুলে দল ছেড়েছেন তিনি।
তবে আয়েশার বিরুদ্ধে অভিযোগ; বহু দিন ধরেই নওয়াজ শরিফের শাসকদল পিএমএল (এন)-এ যোগ দেওয়ার কথা ভাবছেন তিনি।
আয়েশা অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, কোন কিছুর লোভে তিনি এসব তথ্য উন্মুক্ত করেননি।
‘ক্ষমতা কিংবা পদ কোন কিছুর লোভে আমি এসব করিনি। যা সত্য তাই জনসমুক্ষে তুলে ধরেছি। বিশেষ করে ইমরান খানের দল পিটিআই নারীদের ব্যাপারে কী ধরনের মনোভাব পোষন করে তাই তুলে ধরেছি’-বলেন আয়েশা।
এদিকে, পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেন, ইমরান খানকে অবশ্যই তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে মুখ খুলতে হবে। তিনি ইমরান খানকে একটি সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি তুলে ধরে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।
পাশাপাশি তিনি অভিযোগ তদন্তের দাবি করেন। তিনি বলেন, আদালত স্বপ্রণোদিত হয়ে আইনি প্রক্রিয়ায় যেতে পারে; যেন তদন্তের মাধ্যমে ইমরান যেসব এসএমএস সবার সামনে প্রকাশ পায়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

