ইরানের সামরিক কুচকাওয়াজে গুলিতে নিহত ২৪
Posted by: News Desk
September 22, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আহভাজে রেভলুশনারি গার্ডের একটি সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৪ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। হামলাকারী দুই বন্দুকধারীও এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে।
গত শনিবার সামরিক বাহিনীর পোশাক পরে নিকটস্থ একটি পার্ক থেকে কুচকাওয়াজ লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে ওই বন্দুকধারীরা। বলা হচ্ছে, কোনো বিদ্রোহী গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
ইরানে ১৯৮০-৮৮ সালে ইরাকের সঙ্গে যুদ্ধের বার্ষিকী পালিত হচ্ছে। এজন্য সারাদেশেরই সংশ্লিষ্ট এলাকায় সামরিক কুচকাওয়াজ হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে, ইরাক যুদ্ধের (১৯৮০-৮৮) বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশটির দক্ষিণপশ্চিমের খুজেস্তান প্রদেশে আহভাজ শহরে ওই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৯টার দিকে হামলার সূত্রপাত হয় এবং প্রায় ১০ মিনিট ধরে গুলি-পাল্টা গুলি চলে। হামলায় চারজন অংশ নিলেও দু’জন নিহত হয় এবং দু’জনকে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী।
কুচকাওয়াজ পরিদর্শন করতে আসা ইরানি কর্মকর্তারা যে স্ট্যান্ডে বসেছিলেন সেখানেই হামলা করা হয়েছে।
রেভলুশনারি গার্ডের পোশাক পরা হামলাকারীরা প্যারেড গ্রাউন্ডের কাছের একটি পার্ক থেকে গুলি করে।
হামলায় রেভলুশনারি গার্ডের সদস্যরা ছাড়াও বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন বলে জানায় আইএসএনএ।
আঞ্চলিক ডেপুটি গভর্নর আলী হোসেইন হোসেইনজাদে সংবাদমাধ্যমকে বলেছেন, এখন পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে।
কারা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট বলা না হলেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সুন্নিপন্থি সশস্ত্র গোষ্ঠী বা আরব জাতীয়তাবাদীদের দোষারোপ করা হচ্ছে।
ইরানে জীবনযাত্রার মান পড়ে যাওয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের বিরুদ্ধে গত বছর যে বিক্ষোভ হয়েছিল, তার সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছিল এই আহভাজেই।
সামরিক ইরানের গুলিতে কুচকাওয়াজে নিহত ২৪ 2018-09-22