নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মচারী নেতা মো. অহিদুর রহমানকে কেন্দ্র করে শিক্ষা ভবনে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। সরকারি স্কুলের শিক্ষকদের বদলি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি এবং বকেয়া বেতন-ভাতা উত্তোলনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে এই সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এসব কাজের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।
অভিযোগ রয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব অহিদুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সুবিধা ভোগ করেছেন। বর্তমানে তিনি মাউশির আওয়ামীপন্থি কর্মচারীদের সংগঠিত করছেন বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।
শুধু সিন্ডিকেট পরিচালনাই নয়, অহিদুর রহমানের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন, কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়, বদলি বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাউশিতে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ দেওয়া হয়েছে। রয়েছে বিভাগীয় মামলাও। তবে একটি প্রভাবশালী মহলের আশীর্বাদে তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অহিদুর রহমানের নেতৃত্বাধীন কথিত সিন্ডিকেটে মাউশির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হিসাব শাখার তথ্যপ্রবেশক শিবলী মোল্লা ও উচ্চমান সহকারী মো. আলমগীর হোসেন; আইন শাখার উচ্চমান সহকারী মো. শাহজাহান; প্রশাসন শাখার উচ্চমান সহকারী মো. মোবারক উল্লা, মেহেদী হাসান ও ইব্রাহিম পাঠান; পরিচালকের (প্রশাসন) দপ্তরের তথ্যপ্রবেশক মো. জামাল হোসেন; প্রশাসন শাখার অফিস সহকারী মো. সোহরাব হোসেন; বেসরকারি মাধ্যমিক শাখার উচ্চমান সহকারী মো. শাজাহান; বেসরকারি কলেজ শাখার তথ্যপ্রবেশক শাহ দাউদ; সরকারি কলেজ শাখার অফিস সহকারী আনোয়ার হোসেন; প্রশাসন শাখার অফিস সহায়ক মো. রাজিব; সরকারি কলেজ শাখার অফিস সহায়ক মো. জুয়েল এবং এসিআর শাখার অফিস সহায়ক মো. সবুজ মিয়া।
এ ছাড়া মাউশির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকের দপ্তরের ব্যক্তিগত সহকারী ও সাঁটলিপিকার রাবেয়া সুলতানা, উচ্চমান সহকারী আলী আহাম্মেদ, তথ্যপ্রবেশক মোছা. জেবুন নাহার, সাঁট-মুদ্রাক্ষরিক মো. রফিকুল ইসলাম, অফিস সহকারী সৈয়দ শওকত আলী এবং গাড়িচালক মোখলেছুর রহমানের নামও কথিত সিন্ডিকেটের সদস্য হিসেবে উল্লেখ করেছেন সূত্রগুলো।
সূত্রগুলোর দাবি, তালিকাভুক্ত কর্মচারীদের অধিকাংশই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাউশির প্রধান কার্যালয় ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ে প্রভাবশালী অবস্থানে ছিলেন। তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী ও সচিবের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সরকার পরিবর্তনের পর তাদের কেউ কেউ নিজেদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে কখনো বিএনপি, আবার কখনো জামায়াতের অনুসারী হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
এদের কয়েকজন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মাউশির অভ্যন্তরীণ তথ্য পাচারের সঙ্গে জড়িত বলেও দাবি করেছেন সূত্রগুলো। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিভাগীয় মামলা ও দুদকের অভিযোগ
মাউশিতে জমা হওয়া অভিযোগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০১৩ সালে অহিদুর রহমানকে মাউশির ঢাকা আঞ্চলিক কার্যালয়ে সাঁটলিপিকার পদে বদলি করা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি সেখানে যোগদান করেননি। পরে ২০১৪ সালে বদলির আদেশ বাতিল হলে তিনি কর্মস্থলে যোগ দেন। এ ঘটনায় সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৫ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে মাউশি।
তার বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা গ্রহণের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ অঞ্চলে বদলি হওয়ার পরও তিনি সেখানে নিয়মিত দায়িত্ব পালন না করে ঢাকায় অবস্থান করতেন। পরবর্তী সময়ে কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে বদলি হওয়ার পরও তার কর্মস্থলে উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।
২০২২ সালে অহিদুর রহমানের বিরুদ্ধে এমপিও বাণিজ্য, কর্মচারীদের বদলি এবং কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ দুদকে জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে দুদক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানায় বলে জানা গেছে।
কর্মচারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
অহিদুর রহমানের বিরুদ্ধে মাউশির অফিস সহকারী মো. ইমরান হোসেন ভূঁইয়াকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত বিষয়ে আপত্তি জানানোর কারণে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে মাউশির মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন ইমরান।
অন্তর্বর্তী সরকারের সময়ও অহিদুর রহমানের বিরুদ্ধে কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়, বদলি বাণিজ্য, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং কর্মচারী কল্যাণ সমিতির কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ওঠে।
একই অভিযোগপত্রে ২০২২ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যাওয়ার জন্য কর্মচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং কর্মচারী কল্যাণ সমিতির একটি সভায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর অভিযোগও করা হয়।
সাবেক শিক্ষামন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ
অহিদুর রহমানের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এমন একাধিক ব্যক্তির দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ছবিও রয়েছে। সেখানে পরিদর্শনের সময় রাখা বইয়ে অহিদুর রহমান নিজের স্মৃতিচারণও লিখেছেন বলে জানা গেছে।
এদিকে বিভাগীয় মামলা চলমান থাকা সত্ত্বেও প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির জন্য প্রস্তাবিত তালিকায় অহিদুর রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে। তালিকায় তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলার তথ্য উল্লেখ না থাকার বিষয়টিও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি করেছে।
মাউশিতে কর্মরত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, এসব প্রভাবশালী ব্যক্তি এখনো শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি শিক্ষাখাতকে অস্থিতিশীল করার প্রচেষ্টাও চলছে বলে তাদের দাবি।
অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
এসব অভিযোগের বিষয়ে জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব অহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে বর্তমান সরকার। আমরাও এ বিষয়ে সতর্ক রয়েছি। চক্র যত বড় বা শক্তিশালীই হোক না কেন, মাউশিতে সিন্ডিকেট করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে এ ধরনের সিন্ডিকেটের অভিযোগ শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
