এমএনএ প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে থাকা ৩১ জন নাবিক-ক্রু নিরাপদে আছেন বলে জানিয়েছে করপোরেশন কর্তৃপক্ষ।
বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করা জাহাজটির পণ্য খালাস সাময়িকভাবে স্থগিত ছিল। তবে সোমবার থেকে বন্দরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, জাহাজের মাস্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জুম ও ভিডিও কলে নাবিকদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে পানি ও খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়া নাবিকদের জন্য দৈনিক পাঁচ ডলার করে অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, পণ্য খালাস শুরু হলেও জাহাজটি আপাতত বন্দর ছাড়তে পারবে না। কারণ, ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। প্রণালি দিয়ে চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘এমভি বাংলার জয়যাত্রা’কে জেবেল আলীতেই অবস্থান করতে হবে।
বিএসসি আরও জানিয়েছে, তাদের মালিকানাধীন অন্য ছয়টি জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, লাইবেরিয়া, পাকিস্তান, সেনেগাল ও রাশিয়ার বিভিন্ন বন্দরে অবস্থান করছে এবং সেগুলো নিরাপদ রয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে ‘এমভি বাংলার জয়যাত্রা’ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি মিসাইল হামলার ঘটনা ঘটে। এতে জাহাজ বা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় নাবিকদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে।
এর আগে, ২০২২ সালের ১ মার্চ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে আটকে পড়া বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এক বাংলাদেশি নাবিক নিহত হন। পরে জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয় ৩৯ হাজার টন ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) জাহাজটি নির্মাণ করে। চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে এটি কেনা হয়েছিল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

