Don't Miss
Home / নগর-মহানগর / ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে ঘরমুখো মানুষের চাপ শুরু, স্টেশন-টার্মিনালে মানুষের ভীড়

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে ঘরমুখো মানুষের চাপ শুরু, স্টেশন-টার্মিনালে মানুষের ভীড়

এমএনএ প্রতিবেদক

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। ট্রেন ও বাস টার্মিনালগুলোতে এখন থেকেই দেখা যাচ্ছে বাড়ি ফেরা মানুষের ভিড়। যাত্রীদের চাপ সামাল দিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাও। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শুক্রবার (২২ মে) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, অতিরিক্ত ভিড় ও টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে স্টেশনের বিভিন্ন প্রবেশপথে বাঁশ দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছে। নির্ধারিত পথ ছাড়া যাত্রীদের চলাচল সীমিত রাখা হচ্ছে এবং প্রতিটি গেটে টিকিট যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে।

স্টেশনজুড়ে র্যাব, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রীদের নির্ধারিত লাইনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই কমলাপুর স্টেশনে অতিরিক্ত মানুষের চাপ তৈরি হয়। অনেকেই টিকিট ছাড়া প্রবেশের চেষ্টা করেন, এতে বিশৃঙ্খলা ও যাত্রী দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবারও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, “টিকিটবিহীন যাত্রীরা যাতে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে, সেজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে। যাত্রীরা সিঙ্গেল লাইনে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। মোট তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। বিনা টিকিটের কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না।”

তিনি আরও জানান, স্টেশন থেকে নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে যাচ্ছে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।

অন্যদিকে, আগেভাগে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফেরা মানুষের চাপে সরগরম হয়ে উঠেছে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের দূরপাল্লার বাস কাউন্টারগুলোও। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার উদ্দেশে একের পর এক বাস ছেড়ে যেতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন পরিবহনের কাউন্টারে টিকিট সংগ্রহে ব্যস্ত যাত্রীরা। কোথাও কোথাও দীর্ঘ লাইনেরও সৃষ্টি হয়েছে। দূরপাল্লার পরিবহনের কাউন্টার মাস্টাররা জানান, সাধারণ দিনের তুলনায় যাত্রীর চাপ অনেক বেশি। বেশিরভাগ গাড়িই পূর্ণ যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে।

ইরান এক্সপ্রেসের কাউন্টার মাস্টার রনি বলেন, “আজ সকাল থেকেই যাত্রী মোটামুটি বেশি। যাত্রীদের অধিকাংশই ঈদের ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন।”

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার অনিক জানান, সকাল থেকেই যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, “সকাল থেকে অন্তত ২০টি গাড়ি ছেড়ে গেছে। কোনো গাড়িতেই আসন ফাঁকা ছিল না।”

পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার রমজান বলেন, “বিকেল ৩টা পর্যন্ত প্রায় সব গাড়ির আসন পূর্ণ। তবে পরবর্তী কিছু শিডিউলে এখনও আসন খালি রয়েছে।”

গোল্ডেন লাইনের কাউন্টার মাস্টার মো. রনি জানান, সাধারণ দিনের তুলনায় শুক্রবার সকালে অনেক বেশি গাড়ি ছাড়তে হয়েছে। তিনি বলেন, “২৫, ২৬ ও ২৭ মে’র বেশিরভাগ টিকিট আগেই শেষ হয়ে গেছে।”

যাত্রীরাও বলছেন, ভিড় থাকলেও পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। পাবনাগামী যাত্রী রাহাত বলেন, “কাউন্টারে এসে সহজেই টিকিট পেয়েছি। খুব বেশি ঝামেলা হয়নি।”

রাজশাহীগামী আরেক যাত্রী ইমরান বলেন, “অগ্রিম টিকিট কাটিনি। কাউন্টারে এসেই টিকিট পেয়েছি। আশা করছি ভোগান্তি ছাড়া বাড়ি পৌঁছাতে পারবো।”

এদিকে, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সরকার ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। ফলে আগেভাগেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর কর্মজীবী মানুষ।

x

Check Also

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ; অভিযোগের তীর ছাত্রদলের দিকে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর ডিম নিক্ষেপ ও ...