Don't Miss
Home / আজকের সংবাদ / ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা, গেজেট প্রকাশ

ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা, গেজেট প্রকাশ

বিশেষ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।

তবে এই দীর্ঘ ছুটির বিপরীতে ২৩ ও ২৪ মে, অর্থাৎ শনি ও রোববার সরকারি অফিস খোলা থাকবে। এর মধ্যে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীদের অফিস করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মী ও যানবাহনও ছুটির বাইরে থাকবে। জরুরি সরকারি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহও খোলা থাকবে বলে জানানো হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

অন্যদিকে, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী নির্ধারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

x

Check Also

রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ, শনাক্তদের দুই-তৃতীয়াংশ সমকামী

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে নীরবে বাড়ছে এইচআইভি (এইচআইভি/এইডস) সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ...