উত্তর ভারতে ভারী বর্ষণে ৩০ জনের প্রাণহানি
Posted by: News Desk
August 19, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : উত্তর ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড ও পাঞ্জাব রাজ্যে ভারী বৃষ্টিপাত চলাকালে বিভিন্ন ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে এবং ২২ জন নিখোঁজ রয়েছেন।
আজ রবিবার দিনভর ভারী বৃষ্টিপাতের পর যমুনা ও ওই অঞ্চলের অন্যান্য নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই হওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে, জানিয়েছে এনডিটিভি।
দক্ষিণ ভারতে কেরালায় বন্যায় মৃতের সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। বন্যায় কর্নাটকে মৃতের সংখ্যা ৭৬ ছাড়িয়ে গেছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল রবিবার (১৮ আগস্ট) ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণের বিভিন্ন ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নেপালি নাগরিকও রয়েছেন। পাশাপাশি আরও নয় জন আহত হয়েছেন। এছাড়া ভারী বর্ষণে প্রদেশটির কুল্লু শহরে বিদেশিসহ ২৫ জন পর্যটক দুই দিন যাবৎ খাবার ও আশ্রয়বিহীন অবস্থায় আটকে থাকার পর গতকাল রবিবার তাদের উদ্ধার করা হয়েছে।
রাজ্যটির বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনায় কয়েকশত পর্যটক ও স্থানীয় লোক আটকা পড়ে আছেন। ভূমিধসের কারণে কালকা ও শিমলার মধ্যে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে, চন্ডিগড়-মানালি মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। রাজ্যটির শিমলা, সোলান, কুল্লু ও বিলাসপুর জেলার সব স্কুল আজ সোমবার বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে ভারী বর্ষণের কারণে হিমাচলের অনেক জেলারই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
ভারী বর্ষণে উত্তরাখন্ডে তিন জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২২ জন। পাঞ্জাবে ভারী বর্ষণের ফলে বাড়ির ছাদ ধসে নিহত হয়েছেন তিনজন।
এদিকে চলমান ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে খাদ্য সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের বেশ কিছু জেলায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের কেরালায় বন্যায় নিহত বেড়ে ১২১ ও কর্ণাটকে নিহত বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।
ভারতের চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সাহায্য সংস্থার সদস্যরাও। বিভিন্ন স্থানে খোলা হয়েছে জরুরি সেবা কেন্দ্রও। এছাড়া বন্যা কবলিত এলাকার লোকদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখঅ হয়েছে।
২০১৯ সালেই ভারী বর্ষণ ও বন্যায় ভারতে নিহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। দেশটির বিভিন্ন নদীতে পানি আরও বাড়তে পারে, এমন আশঙ্কাই করছে দেশটির কর্তৃপক্ষ। ফলে প্রাণহানির সংখ্যাও আরো বাড়তে পারে।
৩০ জনের উত্তর প্রাণহানি বর্ষণে ভারতে ভারী 2019-08-19