এমএনএ প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে প্রথা ভেঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন শফিকুর রহমান। তাঁর সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। পরে দলটির প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় ১১–দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তাঁর সঙ্গে অংশ নেবেন। দলীয় সূত্র জানায়, শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন।
এরপর জামায়াত আমির আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষাশহীদদের কবর জিয়ারত করবেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে পালিত এই দিনটি পরবর্তীতে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে; ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
এদিকে, রাজধানীতে দিবসটি উপলক্ষে নিরাপত্তা জোরদার এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও একুশের প্রথম প্রহর থেকে দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে।
এরআগে জামায়াত এ ধরণের উপলক্ষগুলো এড়িয়ে চলতো।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

