এমএনএ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একুশে পদক কেবল একটি সম্মাননা নয়; এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ দেশের ঐতিহাসিক ঘটনাবলির রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও গবেষণায় অবদান রাখা গুণীজনদের জাতির সামনে তুলে ধরার এক অনন্য উদ্যোগ। তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা কোনো সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতিচর্চার বিকাশে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা অপরিহার্য। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে বর্তমান সরকার নৈতিক মানসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেন। ১৯৭৬ সালে মাত্র তিনটি বিষয়ে পুরস্কার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকের যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্তত ১২টি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটিকে তিনি দেশের একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক অর্জন হিসেবে আখ্যায়িত করেন।
ফেব্রুয়ারি মাসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। আমাদের সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ একুশে ফেব্রুয়ারি। এটি একদিকে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, অন্যদিকে অধিকার আদায়ের আন্দোলন। ফেব্রুয়ারি আমাদের শেকড়-সন্ধানী মাস।”
তিনি জানান, প্রতিবছরের মতো এ বছরও দেশের জ্ঞানী-গুণী কবি, সাহিত্যিক, শিল্পী ও ভাষাসংগ্রামীদের একুশে পদকে ভূষিত করা হয়েছে এবং তাঁদের কর্মময় জীবনের সঙ্গে জনগণকে পরিচিত করে তোলা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
ভাষা আন্দোলনের ৭৪ বছর অতিক্রম করে ৭৫ বছরে পদার্পণের প্রেক্ষাপটে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ বছর একুশে পদকে ভূষিতদের অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের সৃজনশীল জীবন আরও দীর্ঘ ও কল্যাণময় হওয়ার কামনা করেন। বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বসাহিত্যে উজ্জ্বল স্থান করে নেবে— এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

