এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় উত্তরাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন। ওই বিমানে মোট ১০ জন ছিলেন, যাদের সবাই মারা গেছেন। রাশিয়ার সিভিল অ্যাভিয়েশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।
রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা জানায়, রাশিয়ার তেভর অঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি বিমানের যাত্রীদের তালিকায় ওয়াগনার ভাড়াটে গ্রুপের প্রধান প্রিগোজিনের নাম আছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রিগোজিনের ব্যক্তিগত বিমান বুধবার সন্ধ্যায় মস্কো থেকে ৩০০ কিলোমিটার উত্তরে টিভের এলাকার কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয় এবং এর সকল আরোহী নিহত হয়েছেন।
এদিকে ওয়াগনার ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে যে, মস্কোর উত্তরে তেভর অঞ্চলে বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার আগে দুটি বিস্ফোরণের মতো শব্দ পান, এরপর ধোঁয়ার দুটি রেখা দেখতে পান তারা।
বিমান বিধবস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে রোসাভিয়েশনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার সংবাদসংস্থা তাস জানিয়েছে, ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। সেখান থেকে ইতোমধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

