এমএনএ রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩০৬ জনের দেহে।
করোনায় একদিনে আক্রান্তের সংখ্যা এটি সর্বোচ্চ।
আজ শনিবার বেলা আড়াইটায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩০৬ জনের দেহে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে।
ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।
এছাড়া নতুন করে ৮ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. ফ্লোরা বলেন, এ নিয়ে মোট ৬৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে।