করোনায় একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড
Posted by: News Desk
April 16, 2020
এমএনএ রিপোর্ট : নভেল করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। এ নিয়ে বাংলাদেশে সর্বমোট ৬০ জনের মৃত্যু হলো কোভিড-১৯ রোগে।
আজ বৃহস্পতিবার বিকালে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এতে ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৩৫টি। পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯টি। আর রোগী শনাক্ত হয়েছেন ৩৪১ জন। সব মিলিয়ে রোগী শনাক্ত হয় ১ হাজার ৫৭২ জন।
নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় ৪ শতাংশ বেশি। আর নমুনা পরীক্ষার হার ১৬ শতাংশ বেশি বলে তিনি জানান।
মৃতদের বিবরণ দিতে গিয়ে এ চিকিৎসক বলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বয়স ৭০-৮০ একজনের, ৬১-৭০ বছর পাঁচজন, ৫১-৬০ বছর তিনজন ও ২১-৩০ বছরের মধ্যে একজন। ১০ জনের মধ্যে পুরুষ সাতজন। তিনজন নারী। তাদের মধ্যে ঢাকার ছয়জন এবং ঢাকার বাইরের চারজন।
করোনায় সচেতনার বিষয়ে তিনি বলেন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত-ধোয়া, কুসুম গরম পানি পান করা, আদা চা, গরম স্যুপ পান করা এবং নাকমুখে গরম পানির ভাব দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।
নাসিমা সুলতানা বলেন, সারা দেশের অসংখ্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, ওষুধ শিল্প খাতে নিয়োজিত ফার্মাসিস্টসহ কর্মকর্তা ও কর্মীবৃন্দ, যারা করোনা প্রতিরোধে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
‘গত ২৪ ঘণ্টায় ৩৭ জন আইসোলেশনে গেছেন, এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৪৬১ জন। এর মধ্যে একদিনে ৯ জন ছাড়া পেয়েছেন। আর এ পর্যন্ত ৪৭১ জনকে ছাড়া হয়েছে’-যোগ করেন তিনি।
নাসিমা জানান, আমাদের মোট আইসোলেশন শয্যা আছে ৬ হাজার ৯৭৭টি। ঢাকা মহানগরীতে এক হাজার ৫৫০ ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪২৭টি। এসব হাসপাতালে আইসিইউর সংখ্যা ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট ৪০টি।
গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন চার হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত আছেন ৯২ হাজার ২০৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গত ২৪ ঘণ্টায় ৭১৫ জন। সব মিলিয়ে তিন হাজার ৮৭৫ জন।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ১৯৩ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ১৬ হাজার ৮১৯ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ লাখ ২৫ হাজার ৯৩১ জন।
১০ জনের মৃত্যুর একদিনে করোনায় রেকর্ড সর্বোচ্চ 2020-04-16