এমএনএ রাজনীতি ডেস্কঃ দেশে মহামারি করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যু হার ফের বেড়েছে। এ অবস্থায় সবকিছু নিয়ন্ত্রিত হতে পারে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনা করে প্রথমবারের মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে হতে পারে।
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে বৃহস্পতিবার (১ এপ্রিল) এ কথা জানান তিনি। এ সময় জনগণের সহায়তা দরকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়া করোনা সংক্রমণ রোধে সীমিত মানুষ নিয়ে কাজ করার অভ্যাস করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্তু গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে। টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে। বিয়ে-পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা আক্রান্ত হয়েছেন বেশি। মাস্ক পরাসহ, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই।
এর আগে গত বছরের ২৬ মার্চ থেকে করোনা মহামারি নিয়ন্ত্রণের জন্য দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কয়েক দফা বাড়িয়ে সাধারণ ছুটি ছিল ৩১ মে পর্যন্ত।
এদিকে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

