Don't Miss
Home / আজকের সংবাদ / কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, প্রতিপক্ষের প্রশংসায় মেসি

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, প্রতিপক্ষের প্রশংসায় মেসি

খেলাধুলা প্রতিবেদক

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর স্বস্তির নিঃশ্বাস ফেললেও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি স্পষ্ট করে জানিয়েছেন, নকআউট পর্বে টিকে থাকতে হলে নিজেদের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে।

বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়, যেখানে তিনটি গোল হয়। শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মেসি প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, “আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে কেপ ভার্দে এমনি এমনি অপরাজিত থাকেনি। আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল প্রথম গোলটি করা।”

তবে প্রথম গোলের পর প্রত্যাশামতো খেলতে না পারার হতাশাও প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, “আমরা ভেবেছিলাম প্রথম গোলের পর নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরে গিয়ে চাপমুক্তভাবে খেলতে পারব। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে পড়ি এবং প্রতিপক্ষের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারিনি। তারা নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়ে সমতায় ফিরে আসে। আমরা জানতাম, নকআউট পর্বের এই টুর্নামেন্টে কোনো দলই কাউকে একটুও ছাড় দেবে না।”

বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই বিশ্বকাপে দলগুলোর মধ্যে ব্যবধান খুবই কম। প্রতিটি ম্যাচই কঠিন এবং প্রতিটি মুহূর্তে সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হয়।”

শেষ ষোলো নিশ্চিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করলেও পরবর্তী ম্যাচের আগে উন্নতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন মেসি।

তিনি বলেন, “পরের পর্বে ওঠার পাশাপাশি ইতিবাচক কিছু দিকও ছিল। আমরা মাঠে ভালো কিছু কাজ করেছি। তবে আজ অনেক ভুলও করেছি। সেগুলো দ্রুত শুধরে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।”

আর্জেন্টিনার কৌশলগত দুর্বলতার কথাও তুলে ধরেন মেসি। তাঁর ভাষায়, “আমরা প্রতিপক্ষের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারিনি। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। তাদের খেলোয়াড়দের সঙ্গে তাল মেলাতে না পারায় প্রায়ই একজন খেলোয়াড় ফাঁকা থেকে গেছে। ফলে তারা সহজে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আমাদের ওপর চাপ তৈরি করতে পেরেছে।”

ম্যাচটিতে একটি দুর্দান্ত গোল করে নতুন ইতিহাসও গড়েছেন মেসি। চলতি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন আসরে অন্তত সাতটি করে গোল করার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

x

Check Also

জুলাইতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমল, নতুন মূল্য ১,৫২৮ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক বেসরকারি খাতে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি ...