Don't Miss
Home / সারাদেশ / কেরানীগঞ্জে পানিতে ডুবে চারজনের মৃত্যু

কেরানীগঞ্জে পানিতে ডুবে চারজনের মৃত্যু

এমএনএ রিপোর্ট : দক্ষিণ কেরানীগঞ্জের আইন্তা এলাকায় নদীতে ডুবে দুই সহোদরসহ তিন খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নোয়াদ্দা এলাকায় বুড়িগঙ্গার শাখা নদীতে ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর শনির আখড়া এলাকার গফুর চৌকিদার বাড়ির আবদুস ছালামের ছেলে দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. হৃদয় (১৮) এবং দক্ষিণ কেরানীগঞ্জের নোয়াদ্দা এলাকার মনির হোসেনের দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২১) ও মোহাম্মদ হোসেন (১৪)। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় জুনায়েত হোসেন নামের আড়াই বছরের এক শিশু বুড়িগঙ্গা নদীতে ডুবে মারা গেছে।

নিহত দুই সহোদরের বাবা মনির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার তাঁদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে আত্মীয়স্বজন আসে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মো. হৃদয়, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ হোসেনসহ কয়েকজন বাড়ির পাশে বুড়িগঙ্গার শাখা নদীতে গোসল করতে যান। বেলা একটার দিকে খবর আসে তাঁরা পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী হৃদয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া পানিতে ডুবে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর ইব্রাহিম ও হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

হৃদয়ের খালা জামিলা খাতুন বলেন, হৃদয় দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। দুই ভাইবোনের মধ্যে হৃদয় বড়। নিহত দুই সহোদরের চাচা মো. সোহাগ বলেন, ইব্রাহিম যাত্রাবাড়ী এলাকায় ইলেকট্রিকের দোকানে কাজ করতেন। মোহাম্মদ হোসেন শনির আখড়া এলাকায় গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার ভাড়াটিয়া শাহিন শেখ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমার আড়াই বছরের ছেলে জুনায়েত হোসেন বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত ১০টার দিকে এলাকাবাসী খবর দেয় জুনায়েতের মৃতদেহ পানিতে ভাসছে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু জুনায়েত ও দুই সহোদরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া কলেজছাত্র হৃদয়ের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...