Don't Miss
Home / আজকের সংবাদ / গিলেস্পিকে পেছনে ফেললেন নাথান লায়ন

গিলেস্পিকে পেছনে ফেললেন নাথান লায়ন

এমএনএ স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার স্বর্ণ যুগের সেরা বোলারদের একজন জেসন গিলেস্পি। চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দুর্দান্ত বোলিংয়ের পথে তাকে ছাড়িয়ে যান নাথান লায়ন। গিলেস্পিকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিদের তালিকায় সাত নম্বরে ওঠে এসেছেন এই অস্ট্রেলিয়ান স্পিনার।

মিরপুর টেস্টে যেখানে শেষ করেছিলেন চট্টগ্রাম টেস্টে যেন সেখান থেকে শুরু করেন লায়ন। পেসার প্যাট কামিন্সের সঙ্গে ইনিংস ওপেন করেন তিনি। ক্রমেই বাংলাদেশে শিবিরে ভীতি সৃষ্টি করেন লায়ন। একে একে তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুমিনুল হককে আউট করে গিলেস্পিকে ছাড়িয়ে যান এই অজি স্পিনার।

লাঞ্চের আগে সৌম্যকে লেগ বিফোরের ফাঁদে ফেলে গিলেস্পিকে স্পর্শ করেন লায়ন। লাঞ্চের পর মুমিনুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে গিলেস্পিকে পেছনে ফেলেন তিনি।

সবমিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্টের ক্যারিয়ারে ২৫৯ উইকেট নেন গিলেস্পি। নিজের ৬৯তম টেস্টে এখন পর্যন্ত লায়নের নামের পাশে ২৬০ উইকেট। মিরপুর টেস্টের দুই ইনিংসে ৯ উইকেট নেয়ার পথে স্বদেশি রিচি বেনোকে (২৪৮) পেছনে ফেলেন লায়ন।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নেন শেন ওয়ার্ন। গ্লেন ম্যাকগ্রা নেন ৫৬৩ উইকেট। লায়নের ওপরে থাকা বাকি চারজন নেন যথাক্রমে- ডেনিস লিলি (৩৫৫), মিচেল জনসন (৩১৩), ব্রেট লি (৩১০) ও ম্যাকডারমোট (২৯১)।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...