এমএনএ প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৭৭ শতাংশ ভোট পেতে পারে বলে এক জরিপে উঠে এসেছে। একই জরিপ অনুযায়ী, দলটি ২২০টি আসন অর্জন করতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেতে পারে ৫৭টি আসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ এই জরিপ পরিচালনা করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ ড. গাজী মিজানুর রহমান।
জরিপ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাবেক শিক্ষার্থী ও ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন। জরিপে মোট ৩০০ জন উত্তরদাতাকে চারটি করে প্রশ্ন করা হয়।
জরিপের তথ্য অনুযায়ী, ৭৭ শতাংশ উত্তরদাতা বিএনপিকে সমর্থন করেছেন। ১৬ শতাংশ বলেছেন তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ এবং অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন জানিয়েছেন। মন্তব্য করতে চাননি ১ শতাংশ উত্তরদাতা।
গণভোটে সংস্কার বিষয়ে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নের উত্তরে ৪৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা এখনও সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ বলেছেন তারা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেবেন, আর ২১ শতাংশ জানিয়েছেন তারা ‘না’-এর পক্ষে ভোট দেবেন।
জরিপে অংশ নেওয়া ৯৯ শতাংশ উত্তরদাতা তাদের নিজ নিজ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট বলে মত দিয়েছেন।
এছাড়া কোন দল কতটি আসন পেতে পারে—এমন প্রশ্নের উত্তরে পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপি ২২০টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র প্রার্থী ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

