এমএনএ রাজনীতি ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, জাতীয় স্বার্থে অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন অপরিহার্য।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচনে বেশি সংখ্যক দল অংশ নিলে অনিয়ম ও কারচুপি বন্ধ হতে পারে জানিয়ে সিইসি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে ইসির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গত রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। চলবে ৩১ জুলাই পর্যন্ত। পঞ্চম দিন আজ বৃহস্পতিবার চারটি দলের সঙ্গে সংলাপ করার কথা ছিল ইসির। এর মধ্যে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপের তারিখ পরিবর্তন করা হয়েছে। বাকি দুটি দল বাংলাদেশ জাতীয় পার্টি ও গণফ্রন্টের সঙ্গে আজ সংলাপ করবে নির্বাচন কমিশন।
দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। দলটির নেতা এম এ মুকিতের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে অংশ নিয়েছেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনারবৃন্দ, ইসি সচিব ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

