Don't Miss
Home / আজকের সংবাদ / জুয়ায় হেরে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে

জুয়ায় হেরে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : অনেকটা জুয়াই বলা যায়। নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। তারপরও প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে হুট করে মধ্যবর্তী নির্বাচন দেন। তাঁর আত্মবিশ্বাস ছিল। কিন্তু নির্বাচনের ফলাফল বলছে, থেরেসা মে ভুলই করেছেন। জুয়ায় হেরে গেছেন তিনি।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তারা বৃহত্তম দল হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, এখন পর্যন্ত ৬৪৫টি আসনের ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৫ আসন। লেবার পার্টি পেয়েছে ২৬১ আসন। এসএনপি ৩৫ আসন। লিব ডেম পেয়েছে ১২ আসন। গ্রিন পার্টি পেয়েছ ১ আসন। অন্যান্য দল পেয়েছে ২২ আসন।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট আসন ৬৫০ টি। কোনো দল এককভাবে ৩২৬টি আসন পেলেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা।

২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩০টি আসন পেয়ে এককভাবে ক্ষমতায় ফেরে। আর বিরোধী দল লেবার পার্টি পেয়েছিল ২২৯টি আসন।

গতকালের নির্বাচনের ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আর লেবার পার্টি গত নির্বাচনের চেয়ে এবার বেশি আসন পেয়েছে।

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে হলে এখন থেরেসা মেকে জোট করতে হবে। এই পরিস্থিতিকে থেরেসা মের জন্য একটা বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে তাঁকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট নেওয়া হয়। ভোটার ছিলেন প্রায় ৪ কোটি ৯ লাখ।

হাউস অব কমনসের মোট ৬৫০ আসনের বিপরীতে এবার মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ২ হাজার ৩০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইংল্যান্ডে ৫৩৩, স্কটল্যান্ডে ৫৯, ওয়েলসে ৪০ এবং নর্দান আয়ারল্যান্ডে ১৮টি আসন রয়েছে। সব আসনে একযোগে ভোট নেওয়া হয়।

২০১৬ সালের জুনে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে গণভোট হয়। এতে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউতে থাকার পক্ষে ছিলেন। জনগণ বিচ্ছেদের পক্ষে রায় দিলে ক্যামেরন পরাজয় মেনে পদত্যাগ করেন। পরে থেরেসা মে প্রধানমন্ত্রী হন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...