Don't Miss
Home / হোম স্লাইডার / টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ ও নতুন মন্ত্রিসভা গঠনের পর টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এর পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেঁজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রী বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সেখানে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, এমপি; প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান, এমপি; শেখ হেলাল, এমপি; ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ; শেখ সালাউদ্দিন জুয়েল, এমপি; শেখ সারহান নাসের তম্ময়, এমপি; জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এর পর প্রধানমন্ত্রী ছোটবোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে চলে যান।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।

বেলা ১১টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১২টায় টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন। এর পর ১২টা ২৫ মিনিটের দিকে সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

এর আগে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

মন্ত্রিপরিষদের সদস্যরা ঢাকা থেকে তিনটি বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেছেন। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা টুঙ্গিপাড়ায় পৌঁছাননি।

প্রসঙ্গত প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর কর্মসূচির কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল গোপালগঞ্জের জেলা প্রশাসককে দেয়া এক ফ্যাক্সবার্তায় জানান।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...