Don't Miss
Home / হোম স্লাইডার / দুঃসংবাদ নিয়ে আইপিএলে খেলতে নামছে কলকাতা
নামছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্

দুঃসংবাদ নিয়ে আইপিএলে খেলতে নামছে কলকাতা

এমএনএ খেলাধুলা ডেস্ক : দুঃসংবাদ নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলতে নামছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তারা দলে পাবে না দুই অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সকে। শুধু প্রথম ম্যাচেই নয়, শুরুর পাঁচ ম্যাচেই ফিঞ্চ-কামিন্সকে পাবে না কলকাতা। এ তথ্য জানিয়েছেন কলকাতার মেন্টর ডেভিড হাসি। খবর ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের।

এই মুহূর্তে পাকিস্তানে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সেখানে দলের সঙ্গে রয়েছেন ফিঞ্চ-কামিন্স। অজিদের পাকিস্তান সফর শেষ হবে ৫ এপ্রিল। এরপর ভারতে আসবেন তারা, যেতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনেও। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে ১০ এপ্রিল পর্যন্ত মাঠে নামতে পারবেন না তারা। আর কলকাতার পঞ্চম ম্যাচও ১০ এপ্রিল।

অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সের খেলার সম্ভাব্যতা নিয়ে হাসি বলেন, ‘ফিঞ্চ-কামিন্সকে না পাওয়া নিঃসন্দেহে বড় চিন্তার বিষয়। একটা টিম চায় তাদের সেরা প্লেয়ারদের পেতে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের কথাও মাথায় রাখতে হবে। প্রতিটি ক্রিকেটারই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। ফলে তাদের দায়বদ্ধতা থেকে যায়। আমার মনে হয়, কামিন্স-ফিঞ্চ কলকাতার হয়ে প্রথম পাঁচটি ম্যাচ খেলতে পারবে না। কিন্তু ওরা ফিট এবং প্রস্তুত হয়েই নামবে মাঠে। একবার ওরা মাঠে নামলে ড্রেসিংরুমের সঙ্গে একদম খাপ খাইয়ে নেবে। দুজনেই কোয়ালিটি ক্রিকেটার।’

এবারের আইপিএল শুরু হচ্ছে মার্চের ২৬ তারিখ, ফাইনাল হবে ২৯ মে। আইপিএলের চলতি আসরে ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের সঙ্গী হিসেবে গ্রুপ ‘এ’-তে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইটরাইডার্স, রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস।

অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে অংশ নেবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। এবারের আইপিএলের ম্যাচগুলো আয়োজন করা হবে মুম্বাইয়ের তিনটি মাঠে। এর বাইরে কিছু খেলা হবে পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে। এবারের আইপিএলের ৫৫টি ম্যাচ মুম্বাইয়ে এবং ১৫টি ম্যাচ আয়োজন করা হবে পুনেতে।

x

Check Also

বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

এমএনএ প্রতিবেদক শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালুর মাধ্যমে দেশের ...