Don't Miss
Home / হোম স্লাইডার / নির্বাচনের পুনঃতফসিলে ভোট ৩০ ডিসেম্বর

নির্বাচনের পুনঃতফসিলে ভোট ৩০ ডিসেম্বর

এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ পুনঃতফসিল ঘোষণা করেন। এর আগে পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই ঘোষণা দেন। মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি মুখে নির্বাচনের তারিখ পেছানো হলো। তবে ভোটের তারিখ এক মাস পিছিয়ে নির্ধারণ করার দাবি জানানো হলেও পূর্বে ঘোষিত তারিখ থেকে ৭ দিন পেছানো হয়েছে।

গতকাল (রোববার) ভোট গ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এ ছাড়া ভোটের তারিখ এক মাস পেছানোর দাবি জানিয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে, গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। আগের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ঘোষণা করা হয় ১৯ নভেম্বর। মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ছিল ২২ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ নভেম্বর।

জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে মেয়াদ পূর্তির পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। সেজন্য তারা তফসিল পেছানোরও দাবি করেছিল। সোমবার ঐক্যফ্রন্টের ভোট পেছানোর দাবিতে ‘আপত্তি’ নেই বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে, এজন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।’

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...