Don't Miss
Home / আজকের সংবাদ / পদ্মা সেতুর অগ্রগতি অর্ধেকেরও বেশি : সেতুমন্ত্রী

পদ্মা সেতুর অগ্রগতি অর্ধেকেরও বেশি : সেতুমন্ত্রী

এমএনএ রিপোর্ট : পদ্মা সেতুর অগ্রগতি অর্ধেকেরও বেশি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা সেতু প্রকল্প এলাকায় পরিদর্শনকালে সাবাদিকদের তিনি এসব কথা বলেন।
পদ্মা সেতুর কাজ ‘যথাসময়ে’ শেষ হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৫১ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া মূল প্রকল্পের কাজের ৫৬ শতাংশ শেষ হয়েছে। আগামী ৪/৫ দিনের মধ্যে সেতুর দ্বিতীয় স্প্যান বসবে বলেও জানান তিনি।
মাওয়া প্রান্তে আরো ১০টি স্প্যানের সাপ্লিমেন্টারির কাজ চলছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ এখন দৃশ্যমান। খুব আনপ্রেডিক্টেবল সেতু এটি। নিচে যে সয়েল কন্ডিশন সেটা পরিমাপ করা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু আমাদের এক্সপার্টরা তাও করে দেখাচ্ছে।
ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখতে আসবেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মাওয়া হয়ে টুঙ্গিপাড়া যাবেন। এ সময় তিনি পদ্মা সেতুর কাজের অগ্রগতি ঘুরে দেখবেন।
গত ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় পদ্মা সেতু।
পদ্মা সেতুতে ৪২টি খুঁটির (পিলার) ওপর মোট ৪১টি স্প্যান বসানো হবে। এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হবে। ৪১টি স্প্যানের অংশগুলো চীনে তৈরি হচ্ছে। এর পর সমুদ্রপথে এগুলো জাহাজে করে দেশে আনা হয়। সেখান থেকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নিয়ে তা ফিটিং করা হয়।
দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ হবে। খুঁটির ওপর ইস্পাতের যে স্প্যান বসানো হবে, এর ভেতর দিয়ে চলবে ট্রেন। আর ওপর দিয়ে চলবে যানবাহন।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...