Don't Miss
Home / আন্তর্জাতিক / পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি
ইমরান খান

পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন। স্ত্রী বুশরা বিবি ইমরান খানের নিরাপত্তা নিয়ে চিন্তিত। শুক্রবার পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে লেখা এক চিঠিতে বুশরা বিবি বলেন, ‘কারাগারে ইমরান খানকে বিষপ্রয়োগ করা হতে পারে’। খবর জিও নিউজের

চিঠিতে তিনি আরো বলেন, ‘আদালত ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আমার স্বামীকে কোনো যুক্তি ছাড়াই অ্যাটক কারাগারে রাখা হয়েছে। আইন অনুযায়ী তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার কথা ‘

ইমরানের স্ত্রী বলেন, পিটিআই চেয়ারম্যানের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা বিবেচনা করে কারাগারে তাকে ‘বি’ শ্রেণির সুযোগ-সুবিধা দেওয়া উচিত। ইমরান খান একজন অক্সফোর্ড স্নাতক ও দেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। কিন্তু এ ধরনের সুযোগ-সুবিধা অ্যাটক কারাগারে নেই।

চিঠিতে কারাবন্দি ইমরানকে বাড়ির তৈরি খাবার দেওয়ার অনুমতি চেয়েছেন বুশরা। তিনি বলেন, কয়েক মাস আগে ইমরানকে দুবার হত্যাচেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় এখনও জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। তার জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। এমনও আশঙ্কা রয়েছে আমার স্বামীকে অ্যাটক কারাগারে বিষপ্রয়োগ করা হতে পারে।

গত সপ্তাহে পিটিআিইয়ের কোর কমিটিও ইমরানকে বিষপ্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। তারাও তাকে বাড়ির তৈরি খাবার দেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান।

৭০ বছর বয়সী ইমরান খান গত বছর নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীত্ব হারান। পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তোশাখান দুর্নীতি মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের আদালত। এরপরই জামান পার্ক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...