এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জন্মদিনের সব আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সেই অর্থ রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় দিতে দেশের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আজ রবিবার এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ আহ্বান জানান। ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭০তম জন্ম বার্ষিকী।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ কাজের সমন্বয়ের সঙ্গে নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহনমন্ত্রী মন্ত্রী বলেন, এবারে প্রধানমন্ত্রী তাঁর জন্মদিনও আনুষ্ঠানিকভাবে পালন না করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, জন্মদিনের ওই আনুষ্ঠানিকতার টাকা আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের ত্রাণ তহবিলে দেওয়ার জন্য।
এর আগে সড়ক পরিবহন মন্ত্রী নাইক্ষ্যাংছড়িতে ত্রাণবাহী ট্রাক উল্টে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি নিজস্ব তহবিল থেকেও এক লাখ টাকা অনুদান প্রদান করেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ কাজের সমন্বয়ের সাথে নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছিল সুস্পষ্ট। প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবগুলোর মধ্যেই রোহিঙ্গা সংকটের সমাধান রয়েছে। তিনি বলেন, এখন দেশ-বিদেশে শেখ হাসিনা সরকারের সাহসী ও মানবিক ভূমিকা ব্যাপক প্রশংসিত হচ্ছে।
১২ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এরপর জাতিসংঘের সদর দপ্তরে ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী সহিংসতা, হত্যা, নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সমস্যা সমাধানে তিনি কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরেন।
এসময় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, বিজিবি’র এরিয়া কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল আজিম, জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

