Don't Miss
Home / হোম স্লাইডার / ফকিরাপুলে যুবলীগ নেতার ক্যাসিনোতে অভিযান, আটক ১৪২

ফকিরাপুলে যুবলীগ নেতার ক্যাসিনোতে অভিযান, আটক ১৪২

এমএনএ রিপোর্ট : রাজধানীর ফকিরাপুলে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার ‘ক্যাসিনো’তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ ও নারীসহ ১৪২ জন আটক করেছে র‌্যাব। তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফকিরাপুলের ‘ইয়ংমেনস ক্লাবে’র এই ক্যাসিনোতে র‌্যাবের অভিযান শুরু হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, জুয়া চলছে এমন গোপন খবরের ভিত্তিতে ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অভিযান চালানো হয়।

ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৪২ জনকে আটক করা হয়েছে জানিয়ে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, আমরা ক্লাবটিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছি। ক্লাবের ভেতর থেকে নগদ ২৪ লাখ ২৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া আটকদের ৬ মাস থেকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ক্যাসিনোর আড়ালে ক্লাবটিতে মাদক ব্যবসা চলত বলে জানান ম্যাজিস্ট্রেট সারোয়ার। অবৈধভাবে চালানো ওই ক্যাসিনোতে এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযোগ রয়েছে, যুবলীগের নেতৃত্বে থাকা কয়েকজন শীর্ষ নেতার তত্ত্বাবধানে এই ক্লাবটিতে বানানো ক্যাসিনোতে নিয়মিত জুয়ার আসর বসে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়।

রাজধানীর গুলশানে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হওয়া যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদও এই ক্লাবে জুয়া পরিচালনাকারীদের অন্যতম বলে অভিযোগ রয়েছে।

খালেদ মাহমুদের বাসায় তল্লাশি চালানোর জন্য গুলশান-২ নম্বরের ৫৯ নম্বর সড়কের বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...