ফাইনালে গেইল ঝড়ে রংপুরের রানের পাহাড়
Posted by: News Desk
December 12, 2017
এমএনএ স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরিতে বিপিএল ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স। সব মিলিয়ে মিরপুরে বিপিএলের ফাইনাল ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ২০৬ রানের বড় পুঁজি গড়লো মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
ক্রিস গেইল তাণ্ডব দেখালেন। গেইল একাই করলেন ১৪৬ রান। ৬৯ বলের ইনিংসটিতে ৫টি চারের সঙ্গে তিনি হাঁকিয়েছেন ১৮টি ছক্কা! অপরপ্রান্তে শুধু সঙ্গটা দিয়ে গেলেন ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালাম করেন ৪৩ বলে ৫১ রান। দ্বিতীয় উইকেটে এই যুগলের ব্যাট থেকে আসে ২০১ রানের জুটি।
এক ইনিংসে ক্রিস গেইলের যত রেকর্ড :
১। টি-টোয়েন্টিতে এটি গেইলের ২০তম সেঞ্চুরি। ৭টির বেশি সেঞ্চুরি নেই আর কারও।
২। প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১১ হাজার টি-টোয়েন্টি রান। ৯ হাজার রানও নেই আর কারও।
৩। ইনিংসে গেইল ছক্কা মেরেছেন ১৮টি। ছাড়িয়ে গেছেন নিজেরই বিশ্বরেকর্ড। আইপিএলে অপরাজিত ১৭৫ রানের ইনিংসটির পথে মেরেছিলেন ১৭টি ছক্কা।
৪। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে করেছেন ছক্কার সেঞ্চুরি। ২৬ ইনিংসে তার ছক্কা এখন ১০৭ টি। ৫৪ ইনিংসে ৪৭ ছক্কায় দুইয়ে সাব্বির রহমান।
৫। এই নিয়ে এক ইনিংসে ১০টি বা তার বেশি ছক্কা ১৫বার মারলেন গেইল। ১০ ছক্কা দুবারের বেশি মারতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
৬। বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে নিজেকেই ছাড়িয়ে গেলেন গেইল। এক ম্যাচ আগেই খুলনা টাইটানসের বিপক্ষে খেলা অপরাজিত ১২৬ রানের ইনিংস ছাড়িয়ে গেলেন অপরাজিত ১৪৬ রান করে।
৭। বিপিএলের ৫ আসরের ফাইনালে এই প্রথম সেঞ্চুরি করলেন কোনো ব্যাটসম্যান।
৮। বিপিএলে সব মিলিয়ে একাই ৫টি সেঞ্চুরি করলেন গেইল। একাধিক সেঞ্চুরি নেই আর কারও।
৯। এই ইনিংসের পথে সবচেয়ে কম ইনিংস খেলে বিপিএলে হাজার রানের রেকর্ড গড়লেন গেইল। লেগেছে তার মাত্র ২৬ ইনিংস।
১০। এর আগে টি-টোয়েন্টিতে ৯টি ফাইনাল খেলে গেইল করতে পেরেছিলেন মাত্র দুটি ফিফটি। দশম ফাইনালে করলেন প্রথম সেঞ্চুরি।
১১। ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন গেইল। যে কোনো উইকেটেই বিপিএল এই প্রথম দেখল দুইশ রানের জুটি। ২০১৩ বিপিএলে খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফিস ও লু ভিনসেন্টের ১৯৭ রানের জুটি ছিল আগের রেকর্ড।
|
বিপিএলের ইতিহাসে নিজের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙে ৬৯ বলে ১৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গেইল। স্ট্রাইক রেট ২১১.৫৯। তাতে ছিল ৫টি চার ও ১৮টি ছক্কার মার। শতক পূরণ করেন ৫৭ বলে। এবারের আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে পঞ্চম।
ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরতি ক্যাচ নিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে (৩) সাজঘরে পাঠান ঢাকা দলপতি সাকিব অাল হাসান।
পঞ্চম আসরের লিগ পর্বে দু’বারের মুখোমুখি দেখায় রংপুর ও ঢাকা দু’দলই এক ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথমবারের মতো বিপিএল ফাইনাল খেলছে রংপুর রাইডার্স। ২০১৫ সালে তারা প্লে-অফ খেলেছিল। সেবার অধিনায়ক ছিলেন সাকিব অাল হাসান।
রংপুর ও ঢাকা দু’দলই লিগ পর্বের নাম্বার ওয়ান দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চূড়ান্ত মঞ্চের টিকিট কাটে। প্রথম কোয়ালিফায়ারে তামিমদের মাত্র ৯৬ রানে গুটিয়ে দিয়ে ৯৫ রানের দাপুটে জয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে ডায়নামাইটস।
এলিমিনেটর ম্যাচে গেইলের অপরাজিত ঝড়ো সেঞ্চুরিতে খুলনা টাইটান্সকে বিদায় করে রংপুর। দ্বিতীয় ফাইনালিস্ট হওয়ার মিশনে দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্বলে ওঠেন অপরাজিত সেঞ্চুরিয়ান চার্লস ও ম্যাককালাম (৪৬ বলে ৭৮)। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ২০১৫ আসরের চ্যাম্পিয়নরা।
বিপিএলের আগের চারটি শিরোপাই মাশরাফি ও সাকিবের দখলে। প্রথমবার তারা ফাইনালে একে অপরের মুখোমুখি। একজন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। আরেকজন টি-টোয়েন্টির পর টেস্টের দায়িত্ব কাঁধে নিয়েছেন।
সাকিরের সামনে ব্যাক-টু-ব্যাক শিরোপা জয়ের হাতছানি! অধিনায়ক হিসেবে চারবার ট্রফির জয়ের স্বাদ নিতে মুখিয়ে আছেন মাশরাফি। সাকিবের এটি তৃতীয় ফাইনাল (তিনবারই ঢাকার হয়ে, প্রথম ও তৃতীয় আসরে ছিলেন অন্য টিমে)। দ্বিতীয় এডিশনে মাশরাফির অধীনে খেলেছিলেন।
প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা জিতিয়েছেন মাশরাফি। তৃতীয়বার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়ে বাজিমাত করেন। এবার ‘নড়াইল এক্সপ্রেস’র হাত ধরে রংপুর রাইডার্স বিপিএলের নতুন চ্যাম্পিয়ন হবে নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমাটা ঢাকার গায়েই থাকবে সেটিই উইনিং কম্বিনেশন ধরে রেখে রংপুর একাদশ অপরিবর্তিত। একটি পরিবর্তন এনেছে ঢাকা। পেসার মোহাম্মদ সাদ্দামের জায়গায় সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ।
রংপুর একাদশ : ক্রিস গেইল, জনসন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজী, ইসুরু উদানা, নাজমুল ইসলাম, রুবেল হোসেন।
ঢাকা একাদশ : মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন সৈকত, সুনীল নারাইন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, খালেদ আহমেদ।
গেইল ঝড়ে পাহাড় ফাইনালে বিপিএল রংপুরের রানের 2017-12-12