বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
Posted by: News Desk
November 2, 2017
এমএনএ রিপোর্ট : বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩০ তম অবস্থানে আছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস ২০১৭ সালের ক্ষমতাধর নারীর এ তালিকা করেছে। এই সাময়িকীর গত বছরের করা তালিকায় তিনি ছিলেন ৩৬তম অবস্থানে। সে হিসেবে ছয়ধাপ এগিয়ে এসেছেন শেখ হাসিনা।
গতকাল বুধবার নতুন এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা দেওয়ার পাশাপাশি বিশ্বের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২১ জনের নাম স্থান পেয়েছে।
ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় গত বছর ৩৬ এবং ২০১৫ সালে ৫৯তম অবস্থানে ছিলেন শেখ হাসিনা।
রোহিঙ্গা ইস্যুতে মানবিক অবস্থান নেয়ায় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে পেছনে ফেলে তিনি এবার ওপরে উঠে এসেছেন। গত বছর তালিকায় ২৬ নম্বর অবস্থানে থাকা সু চি এবার ৩৩তম।
ফোর্বসের ওয়েবসাইটে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিপরীত হিসেবে উল্লেখ করে শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তার অঙ্গীকার করেছেন শেখ হাসিনা। বাংলাদেশে তাদের আশ্রয়ের জন্য দুই হাজার একর জমি বরাদ্দ দিয়েছেন তিনি
মার্কিন এই সাময়িকী বলছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ গণহত্যার মুখোমুখি হয়েছিল। নিজ দেশে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও তাদের খরচ বহন করতে পেরে শেখ হাসিনা গর্বিত। শনাক্তের জন্য রোহিঙ্গাদের নিবন্ধন কার্ড ও শিশুদের টিকা দিচ্ছে।
ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় যথাক্রমে প্রথম পাঁচজন হলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। মের পরেই আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ আছেন চতুর্থ স্থানে। জেনারেল মোটরসের (জিএম) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যারি তেরেসা বারা আছেন পঞ্চম স্থানে।
নারী বিশ্বের শেখ হাসিনা ক্ষমতাধর ৩০তম 2017-11-02