মন্ত্রিপরিষদ সচিব পদে শফিউল আলমই থাকছেন
Posted by: News Desk
November 4, 2018
এমএনএ রিপোর্ট : নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ সচিব পদে কোনো পরিবর্তন না এনে অবসরের সময় হয়ে আসা মোহাম্মদ শফিউল আলমকেই চুক্তিতে আরও এক বছর ওই দায়িত্বে রাখছে সরকার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ রবিবার গণমাধ্যম কর্মীদেরকে বলেন, “আমি ফাইলে সই করে তা প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছি। প্রধানমন্ত্রীর কাছে থেকে ফাইল ফেরত এলেই প্রজ্ঞাপন জারি করা হবে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের ২০১৮ সালের ১৩ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।
বাংলাদেশের জনপ্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদে ২০১৫ সালের ২৫ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ শফিউল আলম। এর আগে তিনি ভূমি মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ভূমি আপিল বোর্ড এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বও তিনি বিভিন্ন সময়ে পালন করেছেন।
১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা শফিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সাবেক যোগাযোগ মন্ত্রণালয়) অতিরিক্ত সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার এবং মাগুরা ও ময়মনসিংহের জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্বও পালন করেছেন।
শফিউল আলম ১৯৫৯ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ইংরেজিতে স্নাতকোত্তর পাস করা শফিউল আলম যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এম.এস. ডিগ্রি অর্জন করেন।
মোহাম্মদ শফিউল আলম বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন সদস্য এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি মাগুরা ও ময়মনসিংহ জেলার জেলাপ্রশাসক ছিলেন। এছাড়াও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (BPATC) Member Directing Staff (MDS) এর দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ শফিউল আলম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে, রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি গত ৩৩ বছর ধরে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।
মোহাম্মদ শফিউল আলম “প্রবেশন’’, “Magistracy and General Administration”, “সরকারি চাকুরির বিধিমালা”, ’’ঠিকানা- বাংলাদেশের আইন, অধ্যাদেশ ও রেগুলেশন নির্দেশিকা’’ বই এর রচয়িতা।
এছাড়াও সফিউল আলম দেশে এবং বিদেশে অনেক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। চাকরিকালীন সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফিনল্যান্ড, স্পেন, ইটালী, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, শ্রীলঙ্কা, ভূটান, পাকিস্তান, নেপাল ও ভারত সহ বিভিন্ন দেশ সফর করেন। তিনি একজন পেশাদার প্রশিক্ষক এবং জনকল্যাণমুখী সরকারি কর্মচারী। বাংলাদেশের জনসাধারণকে সার্বিক সেবা করাই তাঁর লক্ষ্য।
পদে থাকছেন মন্ত্রিপরিষদ শফিউল আলমই সচিব 2018-11-04