Don't Miss
Home / সারাদেশ / মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ৪ পাইলট উদ্ধার

মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ৪ পাইলট উদ্ধার

এমএনএ জেলা প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে আজ বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর পর বিমানে আগুন ধরে যায়। দুই বিমানে থাকা চারজনকেই উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানা থেকে প্রায় এক কিলোমিটার দূর এলাকায় আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী প্রথম আলোকে বলেন, মহেশখালীতে আজ বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টা খানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন।
আইএসপিআরের পরিচালক রাশিদুল হাসান বলেন, দুই বিমানে থাকা চারজনকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
বিমানবাহিনীর বরাত দিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল গণমাধ্যমেকে জানান, একটি প্রশিক্ষণ বিমানে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে বিমানটি তিন টুকরা হয়ে মহেশখালীর বিভিন্ন অংশে পড়েছে। যতটুকু জানতে পেরেছি, বিমান দুটির পাইলটরা অক্ষত রয়েছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) আবদুল মালেক জানান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছি। ফায়ার সার্ভিসের একটি দল মহেশখালীর পথে স্পিড বোর্ডে করে রওনা দিচ্ছে।
এদিকে মহেশখালীর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে বলে জানা গেছে। বিমানটি বিধ্বস্তের পরপরই স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দু’টি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি বিমান আগুন ধরে গিয়ে তিন টুকরা হয়ে যায়। এর একটি অংশ পড়ে পৌরসভার পুটির ভিলার বাড়ির গোনা এলাকায়, দ্বিতীয় অংশ পড়ে পালপাড়ার তেলি পাড়ায় এবং অন্যটি ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাগোনা এলাকায় আঁছড়ে পড়ে।
ওই সূত্র জানায়, বিধ্বস্ত হওয়া বিমান দুটি থেকে পাইলটদেরকে প্যারাশুটে করে অবতরণ করতে দেখা গেছে। তবে বিমানটিতে ৪ জন পাইলট ছাড়া আর কেউ ছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...