এমএনএ রাজনীতি ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, টিকা এবং গণটিকাদান কর্মসূচি নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। অপরিকল্পিত এই কর্মসূচি বুমেরাং হতে পারে। গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় করোনা আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে। অনেক অসুস্থ ও বৃদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নানা হয়রানির শিকার হয়েও টিকা পায়নি।
এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী টিকা সংগ্রহ করতে না পারলে, গণটিকা কর্মসূচি ফের মুখ থুবড়ে পড়তে পারে। এ নিয়ে জনমনে হতাশা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করেন জিএম কাদের।
বিবৃতিতে তিনি আরও বলেন, ৭ থেকে ১২ আগস্ট চলমান গণটিকা কর্মসূচির আওতায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে তিন দিনেই লক্ষ্যমাত্রার প্রায় তিন গুণ টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গণটিকা কেন্দ্রগুলোতে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। শারীরিক দূরত্বের বালাই নেই। মাস্ক নেই অনেকের মুখে। অভিযোগ উঠেছে, স্বজনপ্রীতি ও দুর্নীতি হচ্ছে। অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গণটিকা কর্মসূচি সফল করতে প্রয়োজন হবে কমপক্ষে ২৭ কোটি ডোজ টিকা। তাই গণটিকা কর্মসূচি চালু রাখতে সরকারকে এখনই বিভিন্ন উৎস থেকে দ্রুত টিকা সংগ্রহ করতে হবে। এখনও দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। কমার কোনো লক্ষণ নেই। সে ক্ষেত্রে মহামারির এই ভয়াবহতা থেকে পরিত্রাণের একমাত্র উপায় গণটিকা কর্মসূচি চালু রাখা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

