Don't Miss
Home / সারাদেশ / মৌলভীবাজারের দুটি এলাকায় ১৪৪ ধারা

মৌলভীবাজারের দুটি এলাকায় ১৪৪ ধারা

এমএনএ রিপোর্ট : সন্দেহভাজন জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের দুটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মৌলভীবাজারের যে দুটি বাড়ি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে, সেই দুই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সংশ্লিষ্ট কুসুমবাগ এলাকা এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার এলাকায় (নাসিরপুর গ্রামসহ) এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, আজ বুধবার বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামে। দুই জায়গাতেই থেমে থেমে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বাড়ি দুটি লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের। দুটি বাড়িই ভাড়া দেয়া হয়েছে। কোনোটিতে মালিকপক্ষের কেউ থাকেন না।

জেলা প্রশাসক জানান, বড়হাটের বাড়ি ঘিরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ থেকে আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অর্থাৎ এসব এলাকায় যানবাহন চলাচল করতে পারবে না, জনসাধারণের চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।

তবে বড়হাটের ওই এলাকা সংলগ্ন ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে যান চলাচলে কোনা সমস্যা নেই।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল আজ বুধবার সকালে বলেন, ওই দুই জঙ্গি আস্তানা ঘিরে রাখার চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় বাহাদুরপুর গ্রামের একতলা বাড়ি থেকে জঙ্গিরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশ ও কয়েক রাউন্ড গুলি চালায়।

এদিকে পৌরসভার বড়হাটে দোতলা বাড়ি থেকেও জঙ্গিরা তিনটি গ্রেনেড ছোঁড়ে। এরমধ্যে দুটি বিস্ফোরিত হয়। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।

পুলিশ সুপার বলেন, দুটি আস্তানা কড়া নিরাপত্তায় ঘেরাও করে রাখা হয়েছে। ভোর রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় লোকজনও জানিয়েছেন নাসিরপুরের জঙ্গি আস্তানার কাছ থেকে থেমে থেমে গুলির শব্দ শুনতে পাওয়ার তথ্য।

দুপুর পৌনে ১২টার দিকে নাসিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাইকিং করতে দেখা যায়। সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকায় সাংবাদিকদের জানিয়েছেন, দুটি বাড়িতে জনা দশেক জঙ্গি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোয়াত সদস্যরা ইতোমেধ্যে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে সেনাবাহিনীও সম্পৃক্ত হবে।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...