Don't Miss
Home / আজকের সংবাদ / মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে কক্সবাজার উপকূলে, বৃষ্টি-বজ্রপাত বাড়ার আশঙ্কা; সাত জেলায় প্রাণ গেল ৮ জনের

মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে কক্সবাজার উপকূলে, বৃষ্টি-বজ্রপাত বাড়ার আশঙ্কা; সাত জেলায় প্রাণ গেল ৮ জনের

এমএনএ প্রতিবেদক

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতাও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এদিকে শুক্রবার (৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় বাবা-মেয়েসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, বরগুনা, পটুয়াখালী, শরীয়তপুর, পিরোজপুর, বরিশাল ও চাঁদপুরে এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই কৃষিকাজ, গরু আনতে যাওয়া বা খোলা স্থানে অবস্থানকালে বজ্রপাতের শিকার হন।

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা এলাকায় বজ্রপাতে খালিদুর রহমান (২৯) ও তার ১০ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তারের মৃত্যু হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, খালিদুর রহমান স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। দুপুরে শাহদারিপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় আকস্মিক বজ্রপাতে বাবা ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার সময় খালিদুর রহমানের পকেটে থাকা মোবাইল ফোন পুড়ে যায় এবং তার পরনের শার্টও ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে সদর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় বজ্রপাতে দুটি গরুরও মৃত্যু হয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাঠে কাজ করতে গিয়ে বরগুনায় কৃষকের মৃত্যু

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি জমিতে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গরু আনতে গিয়ে তিন কৃষকের প্রাণহানি

পটুয়াখালীর দুমকি উপজেলা, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা এলাকায় পৃথক তিনটি ঘটনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

পটুয়াখালীতে নিহত মজিবর সরদার (৫০) বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

শরীয়তপুরে মুছা হাওলাদার (৪৫) দুপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে পিরোজপুরে ছোয়ারাব জোমাদ্দার (৫০) বৃষ্টির মধ্যে মাঠে চরে থাকা গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

মাছের ঘেরে কাজ করতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

বরিশালের আগৈলঝাড়া উপজেলা এলাকায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

তানভীর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুরে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এলাকায় বজ্রপাতে নবী হোসেন মিজি (২৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের আগে কাজ শেষে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের পাশে বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জিলন এবং ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।

আগামী ২৪ ঘণ্টা: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৬ জুন): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (৭ জুন): দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

সোমবার (৮ জুন): বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমলেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (৯ জুন): ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। মৌসুমি বায়ু ধীরে ধীরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় বজ্রঝড় ও ভারী বর্ষণের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে কৃষক, জেলে ও খোলা মাঠে কর্মরত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

x

Check Also

২০২৭ থেকে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বই, জিপিএতে নম্বর যোগ না হলেও পাস বাধ্যতামূলক

শিক্ষাঙ্গন প্রতিবেদক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, মূল্যায়নের মুখোমুখিও হবে; তবে সেই নম্বর বার্ষিক ফলাফল বা ...