এমএনএ জেলা প্রতিনিধি : ময়মনসিংহে সদর উপজেলার বড়বিলা গ্রামে ২ জনকে খুন করে এক খামার থেকে ১০টি গরু ডাকাতির খবর পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, গত রবিবার রাতে উপজেলার পোটামারা গ্রামে আকাশী অ্যাগ্রো নামের একটি খামার থেকে ১০টি গরু ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে খামারের এক পাহারাদার ও স্থানীয় একজনের লাশ।
নিহতরা হলেন – ওই গ্রামের ইদ্রিস আলী (৩০) ও হাসু মোড়লের ছেলে মোজাফফর হোসেন (৫৫)।
নিহত দুজনের বাড়ি বড়বিলা গ্রামে। আকাশি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি নামের ওই খামারের নৈশপ্রহরী হামেদ আলী বলেন, গত রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাক নিয়ে আসে। তাঁরা ইদ্রিস আলী ও তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তাঁকে বেঁধে খামারে রেখে দেয়। ইদ্রিস আলীকে পাশের পুকুরে ফেলে দেয়। তাঁরা খামার থেকে ১০টি গরু লুট করে।
হামেদ আলী আরও জানান, তিনি খামার থেকে পালিয়ে গ্রামবাসীকে ঘটনাটি জানান। আজ সোমবার ভোরে ওই পুকুরে জাল ফেলে ইদ্রিসের লাশ উদ্ধার করা হয়।
বেলা ১১টার দিকে খামারের বাগান থেকে মোজাফফর মিয়ার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সম্ভবত গরু চুরির ঘটনা দেখে ফেলায় তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা।
আহত হামেদ আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় জড়িত সন্দেহে খামার থেকে কর্মচারী আবু তাহেরকে আটক করেছে পুলিশ।
মোজাফফরের ভাতিজা তানভীর হোসেন (২৫) গণমাধ্যমকে বলেন, চাচা ডাকাতদের দেখে ফেলায় বা বাধা দেওয়ায় তারা তাকে খুন করেছে বলে ধারণা করছি।
খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ইদ্রিস চার মাস আগে সেখানে চাকরি নেন। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
তিনি বলেন, ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর বাজার দর প্রায় আট লাখ টাকা।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে তদন্ত চলছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

