Don't Miss
Home / সারাদেশ / রাঙ্গুনিয়ায় বিএনপির গাড়িবহরে হামলা

রাঙ্গুনিয়ায় বিএনপির গাড়িবহরে হামলা

এমএনএ রিপোর্ট : পাহাড়ধসে নিহতদের পরিবার ও আহতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রাঙামাটি যাওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধিদলের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

মির্জা ফখরুলের গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম। তাঁরা সবাই আহত হয়েছেন।

গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তাঁরা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাঁদের গাড়িবহরে হামলা হয়।

বিএনপির মহাসচিব বলেন, আমার গাড়ির কাচ ভেঙে গেছে। গাড়ি তছনছ করা হয়েছে। গাড়ির ভাঙা কাচ আমার শরীরে লেগেছে। আমাদের কয়েকজন নেতা আহত হয়েছেন।

হামলায় আহত বিএনপির শীর্ষস্থানীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে সরকারি দলের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। মানুষের নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তা নেই। তাই, ত্রাণ বিতরণে না গিয়ে আমরা চট্টগ্রামে ফিরে যাচ্ছি।

আমির খসরু আরও বলেন, আমার হাত দিয়ে রক্ত ঝরছে। এখন কথা বলতে পারছি না। আমার গাড়ি ভেঙে চুরমার করা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, এলাকাটি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের। তাঁর লোকজনই এই হামলা করেছেন।

সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ওই জায়গার বীভৎসতা ভাষায় প্রকাশ করার মত না। প্রত্যেক হামলাকারীর হাতেই আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁঠা ছিল। তারা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ বলেন, আমাদের বহরে ৮/৯ টি গাড়ি ছিলো, এরমধ্যে ৫টি গাড়ি ভেঙে চুরমার করা হয়েছে। আমাদের ছয়জনের বাইরেও অনেক নেতা আহত হয়েছেন।

অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। বিএনপি নেতাদের গাড়িবহর দুজন পথচারীকে ধাক্কা দেয়। এরপর সেখানে উত্তেজিত লোকজন কিছু একটা করেছে।

হাছান মাহমুদ আরও বলেন, পাহাড়ধস হলো এক সপ্তাহ আগে। আর বিএনপি নেতারা এখন সেখানে যাচ্ছিলেন। তাও আবার হামলার অজুহাত তুলে রাঙামাটি না গিয়ে ফিরে এসেছেন। এটা রহস্যজনক। বিষয়টিকে নাটক মনে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে বিএনপির প্রতিনিধিদলটি চট্টগ্রাম থেকে কাপ্তাই হয়ে রাঙামাটির উদ্দেশে যাচ্ছিল। গাড়িবহরটি রাঙ্গুনিয়ার উপজেলা সদরের ইছাখালী এলাকা অতিক্রম করার সময় ২০ থেকে ৩০ জন যুবক ওই বহরটির ওপর অতর্কিত হামলা চালায়। তারা গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা এবং রড দিয়ে গাড়িগুলোতে হামলা চালায়। এই ঘটনায় বিএনপি মহাসচিব ও অন্যান্য নেতাকর্মীরা আহত হন। পরে গাড়িগুলো রাঙ্গামাটির দিকে অগ্রসর না হয়ে চট্টগ্রামের দিকে ফেরত যায়।

জেলা বিএপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. মহসীন বলেন, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার রানিরহাটে প্রথমে বিএনপি মহাসচিবের গাড়িবহরটি বাধা পায়। পরে তারা বিকল্প পথে কাপ্তাই সড়ক দিয়ে রাঙ্গামাটি যাওয়ার পথে ইছাখালীতে হামলার শিকার হন।

তিনি বলেন, সরকারদলীয় দুর্বৃত্তরা বিএনপির গাড়িবহরে হামলা করেছে। এ হামলার কারণে রাঙ্গামাটির সফর স্থগিত করে মহাসচিবের গাড়িবহর চট্টগ্রাম ফেরত গেছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বিএনপির গাড়িবহর রুট পরিবর্তন করায় তাদের নিরাপত্তা দেয়া সম্ভব হয়নি।

সাম্প্রতিক পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে ১৬২ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...