Don't Miss
Home / আইন আদালত / রানা প্লাজার রানার ৩ বছরের কারাদণ্ড

রানা প্লাজার রানার ৩ বছরের কারাদণ্ড

এমএনএ রিপোর্ট : সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কেএম ইমরুল কায়েস রায় ঘোষণা করেন। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।

আদালত সূত্র জানায়, রানা প্লাজার মালিক সোহেল রানার নিজের, তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ ও দায়দেনার উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী চেয়ে ২০১৩ সালের ২২ মে সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করে দুদক।

২০১৫ সালের ১ এপ্রিল কাশিমপুর কারাগারের জেল সুপারের মাধ্যমে রানার নামের সম্পদ বিবরণী নোটিশ পাঠানো হয়। ওই বছরের ৪ এপ্রিল রানা নিজে স্বাক্ষর করে সম্পদ বিবরণী নোটিশ গ্রহণ করেন। ২৬ এপ্রিল তা পূরণ না করেই দুদকে পাঠান।

দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার এ অপরাধে ওই একই বছরের ২ মে কমিশনের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলাটি করেন।

এরপর ২০১৬ সালের ১ জুন মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৬ (২) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৭ সালের ২৩ মার্চ সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ৯ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৮ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...